নুসরাতের বাবার বিরুদ্ধে লুটপাট-জমি দখলের অভিযোগে মামলা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা

2026-11-14T21:27:14+00:00
2026-11-14T21:29:11+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
নুসরাতের বাবার বিরুদ্ধে লুটপাট-জমি দখলের অভিযোগে মামলা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:২৭ পিএম  আপডেট: ১৪.১১.২০২৬ ৯:২৯ পিএম
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম ও তার বাবা আবদুল হালিম। ছবি : সময়ের আলো
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। এ মামলায় নুসরাতের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগ আনা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এজাহারে নুসরাতের বাবাকে একমাত্র আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮ থেকে ১০ জনকে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। তিনি বলেন, আবদুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী তদন্ত করবেন।

থানার উপপরিদর্শক মহসীন চৌধুরী  বলেন, আমাকে মামলা তদন্তকারী করা হয়েছে। এতটুকু জানি।

মামলার এজাহারের সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন বাদী ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরে ওই জমি জবরদখলের পরিকল্পনা করেন আবদুল হালিম। এর জের ধরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান। হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন করেন। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এছাড়া, ঘর থেকে ৩টি খাট, ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। 

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাকে জেল খাটতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, মেয়ে নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে জমিটি দখল করে নিয়েছেন আবদুল হালিম। এ বিষয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ায় ইদ্রিস আলী সপরিবার এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।

এজাহারে আরও বলা হয়, ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে বলেও তিনি জানতে পারেন। এ কারণে আতঙ্কিত হয়ে তিনি থানায় এজাহার দিয়েছেন। ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এত দিন (হামলার ঘটনায়) মামলা করতে পারেননি বলে উল্লেখ করেন ইদ্রিস আলী।

যোগাযোগ করা হলে মামলার বাদী ইদ্রিস আলী বলেন, আবদুল হালিমের ভাইদের কাছ থেকে জমি কিনেছিলাম। কেনা জমিটা হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। গত বছরের ঘটনায় থানায় মামলা করেছি।

মামলার বিষয়ে অভিযুক্ত আবদুল হালিম বলেন, ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটা বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় এখন এসে মামলা করেছেন ইদ্রিস আলী। এ ব্যাপারে এখনো কিছুই জানি না। এলাকায় তার অনেক মানুষের সাথে বিরোধ আছে। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সে পলাতক বলে জানি।

এর আগে, বুধবার দিবাগত রাতে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন লাগে। নুসরাতসহ এনসিপি নেতাদের অভিযোগ, বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে।

এর পর, বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। ইলেকট্রিক ওয়্যারিং পুরোনো হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে অধিকতর তদন্তের মাধ্যমে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল শুক্রবার পোড়া বাড়িটি পরিদর্শন করেন পল্লী বিদ্যুতের কুষ্টিয়া জেলার প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম (অপারেশনস ও মেইনটেন্যান্স) তোজাম্মেল হক। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে মিটার ও তার এবং মিটারের সঙ্গে সংযুক্ত মেইন সুইচ পর্যবেক্ষণ করেছেন। কাটআউট পর্যবেক্ষণ করে তা অক্ষত অবস্থায় দেখা গেছে। ট্রান্সফরমারের ফিউজও কাটেনি। মিটারের সঙ্গে যুক্ত মেইন সুইচও কাটেনি। তাই শর্টসার্কিটের কোনো সুযোগ নেই।

সময়ের আলো/আতা
  বিষয়:   নুসরাত তাবাসসুম  বাড়ি  ভাঙচুর  জমি দখল  অভিযোগ  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: