মারা গেছেন মার্চে, নভেম্বরে হলেন মামলার আসামি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মারা গেছেন প্রায় সাড়ে সাত মাস আগে। অথচ পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায়

2026-11-14T17:54:41+00:00
2026-11-14T17:54:41+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
মারা গেছেন মার্চে, নভেম্বরে হলেন মামলার আসামি
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম 
মৃত সামচু ঢালী। ছবি : সংগৃহীত
মারা গেছেন প্রায় সাড়ে সাত মাস আগে। অথচ পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে তাকে। এজাহারের ২১৯ নম্বর ক্রমিকে নাম রয়েছে বীর মুক্তিযোদ্ধা ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক সামচু ঢালীর।

ঘটনাটি জানাজানি হওয়ার পর মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পরিবারের দাবি, গত ২৯ মার্চ মারা গেছেন সামচু ঢালী। অথচ তার মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর গত ১২ নভেম্বর দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে।

সামচু ঢালী শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার বাসিন্দা। তিনি মৃত ইসমাইল ঢালীর ছেলে। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই ব্যক্তি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল ব্যক্তি সড়কে অবস্থান নেন। পরে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে আটকা পড়ে বিভিন্ন যানবাহন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। নামের তালিকায় ২১৯ নম্বরে রয়েছে সামচু ঢালীর নাম।


মৃত্যুর পর কীভাবে এমন একটি মামলায় তার নাম অন্তর্ভুক্ত হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। তাদের প্রশ্ন, মামলার এজাহার প্রস্তুতের আগে আসামিদের পরিচয় ও ঘটনার সময় তাদের জীবিত থাকার বিষয়টি যাচাই করা হয়েছিল কি না।

সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।

তিনি আরও বলেন, আমি সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে অথবা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মিললে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ব্যঙ্গাত্মক মন্তব্য করলেও স্থানীয়দের একাংশ মামলার আসামি শনাক্ত ও এজাহার তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   মারা গেছেন মার্চে  নভেম্বর  মামলার আসামি  মাদারীপুর  শিবচর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: