প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম আপডেট: ১৪.১১.২০২৬ ৪:৫৩ পিএম
প্রতীকী ছবি হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে এক কোরআনে হাফেজ এবং মাদরাসা শিক্ষার্থী মো. ফাহিমের (২২) মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) বেলা দশটার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ডস্থ আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ ফাহিম ওই এলাকার শেখ ওসমানের বাড়ির মো. আবু বক্কর সওদাগরের ২য় পুত্র। সে চিকনদন্ডী ইউনিয়নের বড়দিঘীর পাড় এলাকার আল জামিয়াতুল মাদানিয়া মাদরাসার হেদায়া আওয়ালাইন জামাতের শিক্ষার্থী ছিল।
তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে হাফেজ ফাহিম নিজ বাড়ির পাশের একটি বিলে মাছ ধরার জন্য পার্শ্ববর্তী দোকান থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে মাঠ পাম্পের সাহায্যে পানি সেচ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
এসময় আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ মনসুর আলী বিদ্যুৎ স্পৃষ্ট নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান বেলা দেড়টার দিকে এ প্রতিবেদককে বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর আমারা এখন পর্যন্ত পাই নি।
সময়ের আলো/আতা