শিক্ষা, সাহিত্য ও সমাজ সংস্কারে কালজয়ী মহাপুরুষ ছিলেন খানবাহাদুর আহছানউল্লা। ছবি : সময়ের আলোঅবিভক্ত বাংলার শিক্ষা, সাহিত্য, সমাজ সংস্কার ও আধ্যাত্মিক জাগরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.)। তিনি ছিলেন দূরদর্শী শিক্ষানুরাগী ও মানবতাবাদী ব্যক্তিত্ব। তার জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে সাতক্ষীরায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর অবদান’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন। এতে সহযোগিতা করে খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউট।
মিশনের সহসভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, দূরদর্শী শিক্ষানুরাগী ও মানবতাবোধে উদ্বুদ্ধ মহান ব্যক্তিত্ব। তৎকালীন অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার প্রসার এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু কাজ করেছেন। শিক্ষা বিভাগে দায়িত্ব পালনকালে পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নামের পরিবর্তে রোল নম্বর ব্যবহারের প্রথা চালুসহ অনেক যুগান্তকারী সংস্কার তার হাত ধরেই এসেছে।
খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেন।
প্রবন্ধে তিনি উল্লেখ করেন, শিক্ষা, সাহিত্য, সমাজ সংস্কার ও আধ্যাত্মিক সাধনায় খানবাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন কালজয়ী মহাপুরুষ। তার বহুমুখী চিন্তা, প্রজ্ঞা ও কর্মের সুফল অবিভক্ত বাংলার মানুষ দীর্ঘদিন ধরে ভোগ করেছে। আধুনিক সমাজ ও শিক্ষাব্যবস্থায়ও তার অবদানের প্রভাব দৃশ্যমান। আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা, নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতি এবং সম্প্রীতিমূলক সমাজব্যবস্থার ভিত্তি গঠনে বঙ্গীয় মুসলমান সমাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম।
মূল প্রবন্ধের ওপর নির্ধারিত আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহসম্পাদক ইকবাল মাসুদ এবং খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক।
এ ছাড়া আলোচনায় অংশ নেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু এবং সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমসহ অন্যরা।
বক্তারা বলেন, খানবাহাদুর আহছানউল্লার অবদান দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিদ্বৎসমাজে চর্চিত ও স্বীকৃত। অথচ তার জন্ম ও কর্মের স্মৃতিবিজড়িত সাতক্ষীরার সাধারণ মানুষ এবং নতুন প্রজন্মের অনেকের কাছেই এসব অবদান অজানা। আধ্যাত্মিক পরিচয়ের আড়ালে তার সামাজিক অবদান যথাযথভাবে আলোচিত হচ্ছে না বলেও মন্তব্য করেন তারা।
সেমিনারে বক্তারা খানবাহাদুর আহছানউল্লার অবদানের স্বীকৃতি এবং নতুন প্রজন্মের কাছে তার কর্ম ও আদর্শ তুলে ধরতে সাতক্ষীরায় তার নামে স্থাপনা বা প্রতিষ্ঠানের নামকরণের দাবি জানান।
সময়ের আলো/জোই