‘নীতি নির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব’ শীর্ষক এ সংলাপে সংসদ সদস্যরা অংশ নেন। ছবি : সময়ের আলোটেকসই উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ ও সুশাসন প্রতিষ্ঠায় নারীর অংশগ্রহণ এবং নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, নারী শুধু পরিবারের উন্নয়নের অংশীদার নন, রাষ্ট্র পরিচালনা, নীতি নির্ধারণ ও সমাজ পরিবর্তনেরও গুরুত্বপূর্ণ অংশীদার। কিন্তু সমাজের অনেক ক্ষেত্রে এখনো সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীরা যথাযথ সুযোগ ও মর্যাদা পান না।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় নাটোরের রানী ভবানী আনন্দ ভবনে খান ফাউন্ডেশনের ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নীতি নির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব’ শীর্ষক এ সংলাপে সংসদ সদস্যরা অংশ নেন।
হুইপ দুলু বলেন, নারীর ক্ষমতায়ন মানে শুধু কর্মসংস্থান বা অর্থনৈতিক স্বাবলম্বিতা নয়। পরিবার থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও জাতীয় সংসদ পর্যন্ত সব পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণে নারীর কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। বিশেষ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। শুধু প্রতিনিধিত্ব নিশ্চিত করলেই হবে না, সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামত ও বাস্তব ক্ষমতাও দিতে হবে।
তিনি আরও বলেন, নারী শিক্ষার প্রসার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা বন্ধ, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজনৈতিক নেতৃত্ব বিকাশে রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ জোরদার করতে হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নারী উন্নয়নবিষয়ক উদ্যোগ তুলে ধরে দুলু বলেন, ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে ‘নারীবিষয়ক দফতর’ প্রতিষ্ঠা করা হয়। পরে ১৯৭৮ সালে গঠন করা হয় ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’। এটি ছিল নারীকে রাষ্ট্রের মূলধারায় সম্পৃক্ত করার একটি উদ্যোগ।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে ১৯৯৪ সালে মন্ত্রণালয়টি ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ হিসেবে রূপান্তরিত হয়। নারীর আর্থসামাজিক ক্ষমতায়নে তিনি দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। এর মধ্যে পরিবারের জ্যেষ্ঠ নারীর জন্য ফ্যামিলি কার্ড এবং স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার উদ্যোগ রয়েছে।
বিএনপির সাংগঠনিক কাঠামোয় নারীর অংশগ্রহণ প্রসঙ্গে হুইপ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাস্তবায়নের প্রতিফলন দেখা যাবে বিএনপির আগামী কাউন্সিলে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নীতিনির্ধারণী পর্যায় এ বিষয়ে সচেষ্ট। এর মাধ্যমে দলের সাংগঠনিক কাঠামো ও নির্বাচনে নারীদের ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত হবে।
সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুফিয়া হকের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা এবং খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কর্মকর্তা সালাহউদ্দিন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীলুফার ইয়াসমিন। সংলাপে বিভিন্ন পর্যায়ে কর্মরত নারী নেত্রীরা গণপ্রতিনিধিত্ব আদেশসহ নারীর ক্ষমতায়ন ও নীতি নির্ধারণে অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
সময়ের আলো/এনএন