প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:৫০ পিএম
অভিযান চলাকালে ১৭ জনকে আটক করা হয়েছে বলেও জানায় বিজিবি। ছবি : সংগৃহীতদিনাজপুরের হিলি সীমান্তসহ বিভিন্ন এলাকায় এক মাসে প্রায় ৯ কোটি টাকার মাদকদ্রব্য ও বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৭ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে জয়পুরহাট-২০ বিজিবির মিডিয়া সেল গণমাধ্যমকে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, গত ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জয়পুরহাট ও দিনাজপুর জেলার বিভিন্ন সীমান্ত এলাকা এবং ব্যাটালিয়ন সদর দফতরে এসব অভিযান চালানো হয়। এতে মোট ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২ হাজার ৪৪২টি বিদেশি কয়েন, ৪৫৬টি ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ৫৫১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৬২টি অ্যাম্পুল ইনজেকশন, বিভিন্ন ধরনের ৩১২ বোতল যৌন উত্তেজক সিরাপ, ১৭৩ বোতল মাদকদ্রব্য হিসেবে উল্লেখ করা বিভিন্ন সিরাপ এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ ছয়টি বেলে-কষ্টিপাথর। এসব পাথরের ওজন ৩৮৯ কেজি ৮০০ গ্রাম।
অভিযান চলাকালে ১৭ জনকে আটক করা হয়েছে বলেও জানায় বিজিবি।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
সময়ের আলো/এনএন