প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ পিএম
চাটখিল থানা। ছবি : সংগৃহীতনোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে স্বজনদের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করতে গেলেও বাধা দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে মরদেহ দাফনে বাধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে চাটখিল থানায় হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে।
নিহত মীর হোসেন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির শিশুরা ফুটবল খেলার সময় রওশন আরা নামে নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মীর হোসেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার বিকেল ৩টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হয়। তবে এ সময় স্থানীয় একটি পক্ষ দাফনে বাধা দেয়। হত্যা মামলা থেকে তাদের পরিবারের সদস্যদের নাম বাদ না দিলে মরদেহ দাফন করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। একই সঙ্গে মামলা তুলে নিতে নিহতের স্বজনদের বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। বিকেল ৫টা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হােসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ সুষ্ঠুভাবে দাফন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সময়ের আলো/এনএন