প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম
উৎসবের আমেজে মুখর ২৪টি পূজামণ্ডপ। ছবি : সময়ের আলোঢাকঢোলের বাদ্য, পূজার আয়োজন আর উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে মাগুরার শালিখা উপজেলা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কাত্যায়নী পূজাকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। এ বছর উপজেলার ২৪টি পূজামণ্ডপে আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী এ পূজা। রোববার (১৫ নভেম্বর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের আনুষ্ঠানিকতা।
পূজার প্রথম দিন সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। পূজার সূচি অনুযায়ী, ১৬ নভেম্বর মহাসপ্তমী, ১৭ নভেম্বর মহাষ্টমী, ১৮ নভেম্বর মহানবমী এবং ১৯ নভেম্বর মহাদশমী পূজা অনুষ্ঠিত হবে। শেষ দিনে দর্পণ বিসর্জন ও আশীর্বাদ গ্রহণের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে।
এদিকে, পূজাকে ঘিরে পূজামণ্ডপগুলোতে চলছে নানা প্রস্তুতি। প্রতিমা সাজসজ্জা, আলোকসজ্জা ও পূজার আনুষঙ্গিক আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা। অন্যদিকে, উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় উৎসবকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে—এমন প্রত্যাশা আয়োজক ও স্থানীয়দের।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুমন বিশ্বাস জানান, প্রতিবছরের মতো এবারও শালিখার ২৪টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে কাত্যায়নী পূজা উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজাকে ঘিরে ভক্ত-দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সজাগ থাকবেন। সবার সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, কাত্যায়নী পূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে মাগুরা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে। শালিখা উপজেলার ২৪টি পূজামণ্ডপে পুলিশ, আনসার ও গ্রামপুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই