প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম আপডেট: ১৫.১১.২০২৬ ৮:২৪ পিএম
উপজেলা প্রকৌশলীর কার্যালয়। ছবি : সময়ের আলো বরগুনার আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের (এলজিইডি) হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কার্যালয়ের পেছনের জানালার লক ভেঙে কক্ষে প্রবেশ করে চেয়ার-টেবিলে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে কার্যালয়টি। অক্ষত রয়েছে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ও অন্যান্য সরঞ্জাম।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রোববার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে উপজেলা পরিষদ কমপ্লেক্সে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা হিসাব শাখার পেছনের জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে কক্ষের চেয়ার ও টেবিলের ওপর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে একটি চেয়ারের ওপর থাকা তোয়ালের কিছু অংশ পুড়ে যায়। তবে আগুন কক্ষের অন্যত্র ছড়িয়ে পড়ার আগেই নিভে যায়। ফলে কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম অক্ষত থাকে।
ঘটনার সময় কার্যালয়ের নাইটগার্ড ফজলুর রহমান পাশের প্রকৌশলীর কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
রোববার সকালে হিসাব শাখার কক্ষ খুলে আগুন দেওয়ার বিষয়টি প্রথম দেখতে পান নাইটগার্ড ফজলুর রহমান। পরে তিনি হিসাব শাখার দায়িত্বে থাকা মো. সাইদুর রহমানসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাকে বিষয়টি জানান। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ সময় ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি খালি বোতল উদ্ধার করা হয়।
আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, দুর্বৃত্তরা আমার দপ্তরের হিসাব শাখার পেছনের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয়। তবে ভাগ্যক্রমে আগুন নিভে যাওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি গুরুত্বপূর্ণ দফতরে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কারা, কী উদ্দেশ্যে এবং কেন এলজিইডি কার্যালয়ের হিসাব শাখায় আগুন দিয়েছে, তা তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সময়ের আলো/জোই