উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ঢুকছেন রোহিঙ্গারা। ছবি : সময়ের আলো মিয়ানমারের রাখাইন রাজ্য ও ভারতের বিভিন্ন এলাকা থেকে সীমান্ত পেরিয়ে নতুন করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ঢুকছেন রোহিঙ্গারা। স্থলসীমান্তের পাশাপাশি নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়েও বাংলাদেশে প্রবেশ করছেন অনেকে।
এসব অনুপ্রবেশের ঘটনায় স্থানীয় দালালচক্রের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে নতুন করে অন্তত ১১৮ জন রোহিঙ্গার অবস্থান শনাক্ত হয়েছে।
নতুন আসা রোহিঙ্গাদের মধ্যে মিয়ানমারের বুচিডং টাউনশিপের বাসিন্দাদের পাশাপাশি ভারতের জম্মু-কাশ্মীরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন অবস্থান করা রোহিঙ্গারাও রয়েছেন। ভারত থেকে আসা অনেকের কাছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নিবন্ধন কার্ডও পাওয়া গেছে। সীমান্তে নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে তারা একাধিক সীমান্ত পেরিয়ে সরাসরি আশ্রয়শিবিরে পৌঁছাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ নভেম্বর রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিডং টাউনশিপ থেকে একটি পরিবারের ছয় সদস্য নাইক্ষ্যংছড়ির বরইতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তারা উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে আশ্রয় নেন। পরিবারের সদস্যরা হলেন আমির হোসেন (৪৮), নুর হোসেন (১৭), ইমাম হোসেন (১৪), জাহিদ হোসেন (১২), দীনি ইসলাম (৮) ও নুর আয়েশা (৪)।
পরিবারটির দাবি, আরাকান আর্মি রোহিঙ্গাদের নিজেদের দলে অন্তর্ভুক্ত করতে চাপ দিচ্ছে। প্রাণনাশের আশঙ্কায় তারা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন।
অন্যদিকে গত শনিবার সকালে ভারতের সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন সাত সদস্যের আরেকটি রোহিঙ্গা পরিবার। পরে দালালদের সহায়তায় তাদের উখিয়ার কুতুপালং ওয়ান ইস্ট আশ্রয়শিবিরের সি-৫ ব্লকে এক স্থানীয় বাংলাদেশির বাড়িতে রাখা হয়।
পরিবারটির সদস্যরা হলেন, শাহ আলম (৪০), তার স্ত্রী জামালিদা (৩৯) এবং তাদের পাঁচ সন্তান মো. রমিজ (১৭), ইয়াসিন আরফাত (১৪), মো. এরশাদ (১১), নূর ফাতেমা (৮) ও মো. রেদোয়ান (৪)।
এ বিষয়ে কুতুপালং ওয়ান ইস্ট ও ওয়ান ওয়েস্ট আশ্রয়শিবিরের শিবির ইনচার্জ (সিআইসি) উপসচিব মিনহাজুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে ওয়ান ইস্ট আশ্রয়শিবিরে নতুন করে ৫০ জন রোহিঙ্গার অবস্থান শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪৫ জনই ভারত সীমান্ত দিয়ে এসেছেন।
তিনি আরও জানান, নতুন আসা এসব রোহিঙ্গার বড় একটি অংশ দীর্ঘদিন ভারতের জম্মু-কাশ্মীর এলাকায় বসবাস করছিলেন। সেখানকার প্রশাসন তাদের বসতবাড়ি উচ্ছেদ করার পর তারা সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে দালালদের সহায়তায় উখিয়ায় এসে আশ্রয়শিবিরে অবস্থান নেন। তাদের অনেকের কাছে ইউএনএইচসিআরের নিবন্ধন কার্ড রয়েছে।
এ ছাড়া গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর টানা তিন দিনে মিয়ানমার থেকে অন্তত ৫৫ জন রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে কুতুপালং ওয়ান ইস্ট আশ্রয়শিবিরের বিভিন্ন শেডে অবস্থান নেন। তাদের সবাই বুচিডং টাউনশিপের বাসিন্দা বলে জানা গেছে।
উখিয়ার পাশাপাশি টেকনাফ সীমান্ত দিয়েও নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। গত ৯ নভেম্বর ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিবছড়া এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির একটি সূত্র জানায়, প্রায় ৫০ থেকে ৬০ জন রোহিঙ্গা দালালদের সহায়তায় মাছ ধরার নৌকায় করে নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেন। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের মধ্যে ৩৮ জনকে আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন নারী, ৮ জন পুরুষ ও ১৬টি শিশু রয়েছে। বাকিরা স্থানীয় দালালদের সহায়তায় বিভিন্ন লোকালয়ে ছড়িয়ে পড়েন।
কক্সবাজার সিভিল সোসাইটিজ ফোরামের সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, মিয়ানমারের সঙ্গে স্থলসীমান্ত, ভারতের সীমান্ত এবং নাফ নদী ও বঙ্গোপসাগরের জলপথ ব্যবহার করে রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে প্রবেশের প্রবণতা দেখা যাচ্ছে। এসব পথে দালালচক্র সক্রিয় রয়েছে। সীমান্ত পেরিয়ে আসার পর কেউ সরাসরি আশ্রয়শিবিরে যাচ্ছেন, আবার কেউ স্থানীয় বাংলাদেশিদের বাড়িতে গোপনে অবস্থান নিচ্ছেন।
তিনি বলেন, নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ফলে কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে জনসংখ্যার চাপ আরও বাড়তে পারে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে। কঠোর নজরদারির মধ্যেও কীভাবে দালালদের সহায়তায় নারী ও শিশুসহ রোহিঙ্গারা একাধিক সীমান্ত ও জলপথ পেরিয়ে আশ্রয়শিবিরে পৌঁছাচ্ছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।
টেকনাফ-২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সাগরপথে অনুপ্রবেশের সময় আটক ৩৮ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
সময়ের আলো/জোই