চীনা জামাই দেখতে নার্গিসের বাড়িতে ভিড়

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

ভালোবাসার টানে হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে এসেছেন জ্যাকি চেউং। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে

2026-11-15T22:21:36+00:00
2026-11-15T22:23:34+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
চীনা জামাই দেখতে নার্গিসের বাড়িতে ভিড়
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:২১ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ১০:২৩ পিএম
চীনা নাগরিক জ্যাকি চেউং ও গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তার। ছবি : সংগৃহীত
ভালোবাসার টানে হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে এসেছেন জ্যাকি চেউং। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করে শুরু করেছেন নতুন জীবন। দুই দেশের দুই নাগরিকের এই বিয়ে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক জ্যাকি চেউং। ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের সম্মতিতেই এ বিয়ের আয়োজন করা হয়েছে।

জ্যাকি ও নার্গিসের পরিচয়ের সূত্রপাত কর্মক্ষেত্র থেকে। নার্গিসের ভাই সিরাজুল ইসলাম ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করতেন জ্যাকি। সেখানেই তাদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি জানার পর সিরাজুল ইসলাম তার বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন।

পরে জ্যাকি চীনে ফিরে গেলেও নার্গিসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। মুঠোফোন ও অনলাইনে নিয়মিত কথা বলতে বলতে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন থেকে চার মাসের পরিচয় ও কথোপকথনের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই চীন থেকে বাংলাদেশে আসেন জ্যাকি।

জ্যাকি চেউং বলেন, নার্গিসের সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তার প্রতি ভালোলাগা তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। নার্গিসকে জীবনসঙ্গী হিসেবে পেতে চীন থেকে বাংলাদেশে এসেছেন তিনি। তাকে বিয়ে করতে পেরে খুবই আনন্দিত। বাংলাদেশে এসে স্ত্রীর পরিবার ও স্বজনদের ভালোবাসা পেয়েও তিনি খুশি। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে-শান্তিতে সংসার করতে চান।

নার্গিস আক্তার বলেন, ভাইয়ের মাধ্যমে জ্যাকির সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে সাধারণ কথাবার্তা হলেও ধীরে ধীরে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তাকে বিয়ে করতে জ্যাকি চীন থেকে বাংলাদেশে আসায় তিনি খুবই খুশি। পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে। স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরু করতে চান তিনি। দুই পরিবারের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সুখে সংসার করার প্রত্যাশা তার।

নার্গিস রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার খোয়াজ খার মেয়ে। অন্যদিকে, জ্যাকি চেউং চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টির চেংতুন টাউনের ঝাংঝুয়াং এলাকার বাসিন্দা। তার বাবার নাম ঝাং সিনহাই। জ্যাকি চীনে লরি চালক হিসেবে কাজ করেন। তাদের পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ। বাংলাদেশে এসে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

বিয়ের পর স্ত্রীকে নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটছে জ্যাকির। নতুন জীবনের শুরুতে স্ত্রীর পরিবার ও আত্মীয়স্বজনের সান্নিধ্য উপভোগ করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

এদিকে, চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর দেবগ্রাম এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও অনেকে নবদম্পতিকে দেখতে আসছেন। কেউ জ্যাকির সঙ্গে পরিচিত হচ্ছেন, আবার কেউ তার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। সব মিলিয়ে বিদেশি জামাইকে ঘিরে নার্গিসের বাড়িতে এখন উৎসুক মানুষের ভিড়।


নার্গিসের মা হাসিনা বেগম, খালা জাহানারা বেগম ও প্রতিবেশী শরিফা খাতুনও এ বিয়েতে আনন্দিত। তাদের কাছে ভিন্ন দেশের একজন মানুষের সঙ্গে নার্গিসের নতুন জীবন শুরু করার বিষয়টি যেমন ব্যতিক্রমী, তেমনি পরিবারের জন্যও নতুন অভিজ্ঞতা।

গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চীনা নাগরিক জ্যাকি চেউং ও বাংলাদেশি তরুণী নার্গিস আক্তারের বিয়ের বিষয়ে তিনি অবগত নন। তবে বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্ক বা বিয়ের ক্ষেত্রে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ ধরনের সম্পর্কে জড়ানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়া জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালোবাসা—এরপর বিয়ে। দুই দেশের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে এক হওয়া জ্যাকি ও নার্গিসের সামনে এখন নতুন সংসার গড়ার স্বপ্ন। প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে চীনে ফেরার অপেক্ষায় রয়েছেন জ্যাকি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   চীনা জামাই  নার্গিসের বাড়ি  ভিড়  রাজবাড়ী  গোয়ালন্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: