অর্থ লুটের চেষ্টায় চলন্ত বাস থেকে ফেলে হত্যা, চালক-সুপারভাইজার আটক

রংপুর সংবাদদাতা

সারাদেশ

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

2026-11-15T13:28:47+00:00
2026-11-15T13:28:47+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
অর্থ লুটের চেষ্টায় চলন্ত বাস থেকে ফেলে হত্যা, চালক-সুপারভাইজার আটক
রংপুর সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:২৮ পিএম 
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন । ছবি : সংগৃহীত
রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার বিবরণে বাসের যাত্রী একই এলাকার বাসিন্দা আতিক ইসলাম বলেন, ‘আমার কাছে টাকা থাকায় বাস থেকে আমাকে নামানো হয়নি। তবে বাসের হেলপার ও সুপারভাইজার আমাকে জিম্মি করেন এবং গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় মুকুল ও শাকিব আমাকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত বাস থেকে লাথি মেরে তাদের ফেলে দেওয়া হয়। পরে আমি চিৎকার করলে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখে স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে আমাকেও ফেলে দেওয়া হতো।’

নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া বলেন, তার ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। পরে মুকুল ও শাকিব তাকে বাঁচাতে গেলে তাদের লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। পরে চিকলী এলাকায় স্থানীয় লোকজন ও পথে থাকা একটি মাইক্রোবাসের যাত্রীরা বাসটি আটক করেন।


তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় যায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।

সময়ের আলো/এসকে
  বিষয়:   অর্থ লুট  চেষ্টা  চলন্ত বাস  থেকে  ফেলে  হত্যা  চালক  সুপারভাইজার  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: