গোপালগঞ্জে দফায় দফায় মিছিল, বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দফায় দফায় মিছিল করেছে নিষিদ্ধছাত্রলীগ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলের সময় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর

2026-11-15T11:25:25+00:00
2026-11-15T11:25:25+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে দফায় দফায় মিছিল, বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৫ এএম 
গোপালগঞ্জে দফায় দফায় মিছিল, বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দফায় দফায় মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলের সময় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। 

শনিবার (১৪ নভেম্বর) বিকালে ও রাত ৮ টায় উপজেলার বর্নি ইউনিয়নের বর্নি বাজারে ও কুশলী ইউনিয়ন নিলফা বাজারে এ ঘটনা ঘটে। পরে রাত ১০ টায় পাটগাতী বাসস্ট্যান্ডে আবারও একটি মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকালে বর্নি ইউনিয়নের বর্নি মধ্যেপাড়া বিশ্বাসবাড়ি থেকে একটি মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে মিছিলটি বর্নি বাজারে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয় ভাঙচুর করে। এছাড়া পুরো বর্নি এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টাঙানো ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে।

পরে রাত ৮ টার দিকে লাঠিসোঁটা নিয়ে কুশলী ইউনিয়নের নিলফা বাজারে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সড়ক অবরোধ করে নিলফা বাজারের বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় তারা। তখন বিএনপি সমর্থিত কিছু লোকের দোকানপাটও ভাঙচুর করে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রাত ১০ টার দিকে আবারও পাটগাতী বাসস্ট্যান্ডে একটি মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় প্রায় আধাঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। 

টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী বলেন, বিকালে নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মিছিল বের করে বর্নি বাজারে এসে যুবদলের কার্যালয়টি ভাঙচুর করে। অফিসের ভেতরে থাকা ছবি, ব্যানার, ফেস্টুন, চেয়ার, টেবিল ভাঙচুর করে তাণ্ডব চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা বলেন, নিলফা বাজারের বিএনপির কার্যালয়, বর্নি বাজারের যুবদলের কার্যালয়সহ বিএনপি নেতাকর্মীদের কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ- ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত তাণ্ডব চালিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। তাদের কঠোর শাস্তির দাবি জানাই। 

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি জেনেছি। ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিকাল থেকে রাত পর্যন্ত কয়েকটি মিছিল বের করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে শুনেছি। কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। 

সময়ের আলো/আতা
  বিষয়:   গোপালগঞ্জ  টুঙ্গিপাড়া  মিছিল  আওয়ামী লীগ  ছাত্রলীগ  সহযোগী সংগঠন  নেতাকর্মী  বিএনপি  যুবদল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: