প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ এএম
গ্রাফিক : সময়ের আলোপঞ্চগড়ে সড়ক দুর্ঘটনার মিছিল যেন থামছেই না। গত দুই দিনে তিন মাদরাসা শিক্ষার্থী ও সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ছয়জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার প্রাণ হারালেন এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। এ নিয়ে জেলায় গত ৪৮ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো সাতজনে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের অমরখানা বোর্ড বাজার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম হকিকুল ইসলাম (৬৫)। তিনি তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ি গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়, হকিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। শনিবার রাতে পঞ্চগড় শহরের একটি সেন্টার থেকে ডায়ালাইসিস নিয়ে ইজিবাইকে করে স্ত্রীকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বোর্ড বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত দ্রুতগামী যানবাহন তাদের ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং হকিকুল ইসলাম, তার স্ত্রী হাসনা বেগম (৫০) ও চালক নজরুল ইসলাম (৪২) মহাসড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বিশ্বজিত কুণ্ডু হকিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও চালক নজরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় হাইওয়ে আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী ও এক সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ছয়জনের মৃত্যুতে পুরো জেলায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। নিরাপদ সড়কের দাবিতে প্রশাসনের কঠোর নজরদারি প্রত্যাশা করছেন স্থানীয়রা।
সময়ের আলো/আতা