প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ এএম
ছবি : সংগৃহীত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন বাজারে কয়েকটি দোকান, একটি ব্যক্তিগত কার্যালয় এবং বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা চালানো হয়। পরে কয়েকটি স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন দুর্বৃত্তরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়।
বিএনপি নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে উপজেলার খালেক বাজারের কয়েকটি দোকানে হামলা ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে ঘটনার শুরু হয়। পরে দুর্বৃত্তরা কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর ও আগুন দেয়। এরপর নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া বর্ণি বাজারে যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।
এসব ঘটনার পর কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতি-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করেন দুর্বৃত্তরা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা শনিবার রাত ১১টার দিকে প্রথম আলোকে বলেন, খালেক বাজারে কয়েকটি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং বর্ণি বাজারে যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুর চালানো হয়। এসব ঘটনায় তাঁদের দু-তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন।
মোক্তার হোসেনের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এসব হামলা ও ভাঙচুর চালান।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান শনিবার রাতে বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জানতে পেরেছেন।
এ বিষয়ে জানতে শনিবার রাত ১১টা ১৬ মিনিটের দিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ ঘটনায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/এসএকে