টুঙ্গিপাড়া থানা। ছবি : সময়ের আলো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী।
ওসি আইয়ুব আলী বলেন, এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে শুক্রবার বিকেলে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি চৌরাস্তায় সংঘটিত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। তারপর যুবলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সদস্যরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করে। একপর্যায়ে তারা জনসাধারণের চলাচলের রাস্তায় অবরোধ, অগ্নি সংযোগ ও পুলিশ অফিসার ফোর্সদের সরকারি গাড়ি পথরোধ করে ঘিরে ফেলে।
গোপালগঞ্জ পুলিশ লাইন্স হতে আগত অফিসার ও ফোর্সদের বহনকারী গাড়ি ঘিরে ফেলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমণ করে। লাঠি-সোঁটা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে গাড়ির সমস্ত গ্লাস ভেঙে ফেলে। তাদেরকে ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়। অনুরোধ উপেক্ষা করে তারা তাদের মারমুখী আচরণ ও ভাঙচুর অব্যাহত রাখে।
গাড়িটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। ওই গাড়ির ড্রাইভার কনস্টেবল মো. আলামিনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে দেয়। হামলাকারীরা আইন অমান্য করে মারমুখী হয়ে সরকারি সম্পত্তি ও পুলিশকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ ও সরকারি গাড়িতে আগুন দেয়।
তাদেরকে নির্বৃত্ত করার জন্য লাঠিচার্জ করা হয়। ছত্রভঙ্গ করার চেষ্টার পরেও তারা ছত্রভঙ্গ না হয়ে তাদের মারমুখী আক্রমণ অব্যাহত রাখে। সরকারি সম্পত্তি, পুলিশ সদস্যদের জানমাল রক্ষা ও আত্মরক্ষার্থে পুলিশের পক্ষ থেকে ১০ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড টিআর শেল এবং ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড ফাঁকা নিক্ষেপের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এরপর ড্রাইভার কনস্টেবল আলামিনসহ আহত পুলিশ সদস্যগনকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
আসামিরা পারস্পরিক যোগসাজশে নিষিদ্ধ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বেআইনি জনতাবদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা অবরোধ কর। তারা সরকারি কাজে বাধা প্রদানসহ সরকারি কর্মচারীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে।
সরকারি সম্পত্তির ক্ষতিসাধন ও বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করার প্রচেষ্টা অব্যাহত রাখে। সেই সাথে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও ষড়যন্ত্র করে দেশ ধ্বংসের চেষ্টা করে । মিথ্যা তথ্য প্রচারসহ বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
সময়ের আলো/আতা