বিরতিহীন জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে কাজ শুরু বাপেক্সের

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৮ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন

2026-11-13T21:45:59+00:00
2026-11-13T21:45:59+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
বিরতিহীন জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে কাজ শুরু বাপেক্সের
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৪৫ পিএম 
শুক্রবার ঘটনাস্থলে পৌঁছেছে বাপেক্সের নয় সদস্যের উচ্চপর্যায়ের কারিগরি দল। ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৮ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। আগুন নেভানোর জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে একাধিক যানবাহন ঘটনাস্থলে পৌঁছাতে শুরু করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে ইনানীর জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন উদগীরণস্থলে বাপেক্সের কারিগরি সরঞ্জামবাহী গাড়ি প্রবেশ করতে দেখা যায়।

১৫ দিনের পর্যবেক্ষণ শেষে শুক্রবার ঘটনাস্থলে পৌঁছেছে বাপেক্সের নয় সদস্যের উচ্চপর্যায়ের কারিগরি দল।

দলের প্রধান অহিদুল ইসলাম হাওলাদার জানান, আগুন যেভাবে জ্বলছে, তা আর এভাবে জ্বলতে দেওয়া ঠিক হবে না। আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে রিলিফ কূপ খনন ও দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সকালে ছোট ইনানী এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় প্রায় এক হাজার ফুট গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যায়। এরপর থেকে একটানা জ্বলছে আগুন।

প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের পরামর্শে ১৫ দিন ধরে আগুনটি পর্যবেক্ষণে রাখা হয়। বাপেক্সের ভূতাত্ত্বিক দলের প্রধান এসএম নাফিফুন আরহাম জানিয়েছিলেন, জোর করে আগুন নেভানো হলে ভূগর্ভে গ্যাস জমে বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। তাই গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি বুঝতে আগুন জ্বলতে দেওয়া হয়।


এদিকে বাপেক্সের গবেষণাগারে নমুনা পরীক্ষায় এটি থার্মোজেনিক গ্যাস বলে নিশ্চিত হওয়া গেছে।

ফলে এটি সাধারণ কোনো গ্যাসের পকেট নয়, বরং বাণিজ্যিক গ্যাসক্ষেত্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি নিশ্চিত হলে ইনানী হবে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, ইনানীতে নলকূপ থেকে গ্যাস বেরিয়ে আগুন জ্বলে ওঠার পর থেকেই প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং বিস্ফোরণ ও ভূমিধসসহ সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ১৪৪ ধারা জারি করা হয়। এরপর থেকে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে অবস্থান করছে। তারা আগুন নিয়ন্ত্রণ, গ্যাসের চাপ ও প্রবাহ, ভূতাত্ত্বিক গঠন এবং নিরাপদে গ্যাস উত্তোলনের সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বিরতিহীন  গ্যাসের আগুন  নিয়ন্ত্রণ  বাপেক্স  উখিয়া  কক্সবাজার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: