মজলিসের খাবার খেয়ে শতাধিক অসুস্থ

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সাঘাটা উপজেলার কালাপানি গ্রামে মজলিসের খাবার খেয়ে নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। বমি, পেটব্যথা ও

2026-11-13T21:05:34+00:00
2026-11-13T21:05:34+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
মজলিসের খাবার খেয়ে শতাধিক অসুস্থ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম 
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি রয়েছেন ৯৪ জন। ছবি : সময়ের আলো
গাইবান্ধার সাঘাটা উপজেলার কালাপানি গ্রামে মজলিসের খাবার খেয়ে নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। বমি, পেটব্যথা ও পাতলা পায়খানার উপসর্গ নিয়ে তাদের অনেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুধু সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি রয়েছেন ৯৪ জন। এখন পর্যন্ত খাবারের কোন উপাদান থেকে এ অসুস্থতা ছড়াল, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও রোগীদের স্বজনেরা জানান, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালাপানি গ্রামের বাবলু মিয়ার বড় ছেলে সম্প্রতি মারা যান। তার আত্মার মাগফিরাত কামনায় গত মঙ্গলবার সকালে বাড়িতে দোয়া মাহফিল ও মজলিসের (ফতেয়ার) আয়োজন করা হয়। বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত কয়েক শতাধিক নারী-পুরুষ ও শিশু এতে অংশ নেন।

তারা জানান, খাবার খেয়ে নিজ নিজ বাড়িতে ফেরার কিছুক্ষণের মধ্যেই অনেকের পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রামের আরও মানুষ একই উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠলে আক্রান্তদের কেউ হাসপাতালে, কেউ স্থানীয় চিকিৎসকের কাছে ছুটে যান।


অসুস্থদের কেউ সাঘাটা ও ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কেউ গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং কেউ বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অনেকে আবার স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন।

কালাপানি গ্রামের বাসিন্দা আসিফ মিয়া বলেন, মজলিসের খাবার খেয়ে বাড়ি ফেরার এক ঘণ্টা পর তার পেটে ব্যথা শুরু হয়। পরে বমি ও পাতলা পায়খানা হলে মঙ্গলবার রাতেই তিনি সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। একই গ্রামের অটোরিকশাচালক আজাহার আলীও একই ধরনের অসুস্থতা নিয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলতুতমিশ আকন্দ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধশতাধিক রোগী এখনো ভর্তি আছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণে এই ডায়রিয়া হয়েছে। শুক্রবার পর্যন্ত প্রায় ৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিহানুল ইসলাম শোভন বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে ডায়রিয়া হয়ে থাকতে পারে। যারা ওই খাবার খেয়েছেন, তাদের সবারই এ ধরনের অসুস্থতা দেখা দিতে পারে। তিনি জানান, ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সবাই সুস্থ হয়ে উঠবেন।

অসুস্থতার খবর পেয়ে শুক্রবার স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ আকন্দ সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের দেখতে যান। এ সময় সাঘাটা উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম হোসেন, সেক্রেটারি আব্দুল গফুরসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা নিয়ে সংশ্লিষ্ট বিভাগের লোকজনের সঙ্গে কথা বলেন।

একসঙ্গে এত মানুষের অসুস্থ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে স্বজনেরা উৎকণ্ঠায় আছেন।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, ওই দাওয়াতের খাবার খাওয়ার পর থেকেই অসুস্থতার সূত্রপাত। তবে ঠিক কোন খাবার থেকে বিষক্রিয়া ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে খাবারের নমুনা পরীক্ষা ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত খাবারের নমুনা পরীক্ষা, আক্রান্তদের তালিকা তৈরি, কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি বলে তারা মনে করছেন।

সময়ের আলো/এনএন


  বিষয়:   মজলিস  খাবার  শতাধিক  অসুস্থ  গাইবান্ধা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: