হিমু পরিবহনের সদস্যরা দলবেঁধে এসে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। ছবি : সময়ের আলো কেউ এসেছেন প্রিয় লেখকের সমাধিতে ফুল দিতে, কেউ স্মৃতির টানে ঘুরে দেখছেন তার হাতে গড়া বাগান আর প্রিয় প্রাঙ্গণ। কেউ আবার গাইছেন গান, আবৃত্তি করছেন কবিতা। প্রিয় লেখককে হারানোর শোক পেরিয়ে তার সৃষ্টির মধ্যেই তাকে খুঁজে ফিরছেন পাঠকেরা।
বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, লেখক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকীতে এমনই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে গাজীপুরের নুহাশ পল্লীতে। সকাল থেকেই লেখক, পাঠক ও ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে তার স্মৃতিবিজড়িত এই প্রাঙ্গণ।
শুক্রবার (১৩ নভেম্বর) শুক্রবার হুমায়ূন আহমেদের জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই কথাসাহিত্যিকের জন্মবার্ষিকী উপলক্ষে তার নিজের হাতে গড়ে তোলা নুহাশ পল্লীতে ছুটে এসেছেন নানা বয়সী নানা পেশার মানুষ। সকালে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্ত্রী মেহের আফরোজ শাওন।
শুক্রবার সকালে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে অবস্থিত নুহাশ পল্লীতে গিয়ে দেখা যায়, সকাল থেকেই দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে। কেউ সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, কেউ নীরবে দাঁড়িয়ে স্মরণ করছেন প্রিয় লেখককে। আবার কেউ তার স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে তার সৃষ্টিকর্ম ও সাহিত্যজীবন। এ সময় হিমু পরিবহনের সদস্যরাও দলবেঁধে এসে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
বছরের অন্যান্য সময়ে নুহাশ পল্লীতে দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও হুমায়ূন আহমেদের জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে এখানে তৈরি হয় ভিন্ন এক আবহ। প্রিয় লেখকের প্রতি ভালোবাসা আর স্মৃতির টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন তার অসংখ্য ভক্ত ও পাঠক।
নারায়ণগঞ্জ থেকে আসা হুমায়ূন আহমেদের ভক্ত মনিকা বলেন,হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টিগুলো এখনো আমাদের মুগ্ধ করে। তার লেখার মধ্যে এমন এক জাদু আছে, যা বারবার পড়তে ইচ্ছা করে। জন্মদিনে তার স্মৃতিগুলো কাছ থেকে অনুভব করতে নুহাশ পল্লীতে এসেছি। তিনি এখানে বসেই বাংলা সাহিত্যের জন্য অনেক মূল্যবান সৃষ্টি রেখে গেছেন।
গাজীপুরের কাপাসিয়া থেকে আসা পাঠক আব্দুল্লাহ বিন ওবায়েদ বলেন ,আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তার স্মৃতি এখনো এখানে দৃশ্যমান। তার অনেক বই পড়ার সুযোগ হয়েছে। লেখার মধ্য দিয়ে আমরা তাকে খুঁজে পাই। তার সৃষ্টি ও স্মৃতি বেঁচে থাকলে বাংলা সাহিত্যেও তিনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন স্থানে তার শৈশব ও শিক্ষাজীবন কেটেছে। বগুড়া জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি।
১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই বাংলা সাহিত্যের পাঠকমহলে ব্যাপক পরিচিতি লাভ করেন হুমায়ূন আহমেদ। এরপর একে একে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় উপন্যাস, গল্প, নাটক ও চলচ্চিত্র। সহজ-সরল ভাষা, স্বতন্ত্র বর্ণনা শৈলী, জীবনের গভীর উপলব্ধি আর চরিত্র নির্মাণের অসাধারণ দক্ষতায় তিনি জয় করে নিয়েছিলেন কোটি পাঠকের হৃদয়। তার সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্রর মতো চরিত্রগুলো আজও পাঠকের কল্পনা ও ভালোবাসায় জীবন্ত।
সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই জনপ্রিয় কথাসাহিত্যিক। তার শেষ ইচ্ছা ও ভালোবাসার জায়গা নুহাশ পল্লীতেই তাকে সমাহিত করা হয়।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন,এই জায়গাটি একজন অসাধারণ সাহিত্যিকের সমাধিস্থল। এক অর্থে এটি তার স্মৃতিকে ঘিরে গড়ে ওঠা একটি জাদুঘরও বলা যায়। স্যার মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত মানুষের হৃদয়ে তার যে অবস্থান রয়েছে, নুহাশ পল্লীতে মানুষের উপস্থিতি তারই প্রমাণ। বিশেষ করে জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে অসংখ্য মানুষ এখানে আসেন। তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে আসেন। নুহাশ পল্লীকে ঘিরে দর্শনার্থীদের প্রত্যাশাও অনেক। আমরা চেষ্টা করি এখানে আসা পাঠক ও দর্শনার্থীদের সেই প্রত্যাশা পূরণ করতে।
তিনি আরও বলেন, বছরের বিশেষ দিনগুলোতে নুহাশ পল্লীতে দর্শনার্থীদের উপস্থিতি অন্য সময়ের তুলনায় অনেক বেশি থাকে।
হুমায়ূন আহমেদ নেই, কিন্তু তার সৃষ্টি থেমে নেই। বইয়ের পাতায়, নাটকের সংলাপে, চলচ্চিত্রের গল্পে আর পাঠকের স্মৃতিতে তিনি এখনো সমানভাবে উপস্থিত। সময়ের ব্যবধানে তার শারীরিক অনুপস্থিতি আরও স্পষ্ট হলেও সৃষ্টিশীলতার মধ্য দিয়ে তিনি যেন বারবার ফিরে আসেন পাঠকের কাছে। আর সেই ভালোবাসারই এক জীবন্ত সাক্ষী হয়ে আছে গাজীপুরের নুহাশ পল্লী।
সময়ের আলো/এনএন