লাল শাপলার লালিমায় রঙিন হাজাছড়া বিল

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি

সারাদেশ

শীতের হিমেল হাওয়া, কুয়াশার চাদরে মোড়ানো সকাল আর বিলজুড়ে ফুটে থাকা লাল শাপলা প্রকৃতির এমন অপরূপ সাজে মুগ্ধ খাগড়াছড়ির দীঘিনালার

2026-11-13T18:56:48+00:00
2026-11-13T18:56:48+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
লাল শাপলার লালিমায় রঙিন হাজাছড়া বিল
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম 
হাজাছড়া বিলে ফুটেছে লাল শাপলা। ছবি : সময়ের আলো
শীতের হিমেল হাওয়া, কুয়াশার চাদরে মোড়ানো সকাল আর বিলজুড়ে ফুটে থাকা লাল শাপলা প্রকৃতির এমন অপরূপ সাজে মুগ্ধ খাগড়াছড়ির দীঘিনালার হাজাছড়া বিলে আগত দর্শনার্থীরা। শীতের আগমনে লাল শাপলার সমারোহ দেখতে প্রতিদিনই ছুটে আসছেন দূরদূরান্তের প্রকৃতিপ্রেমী ও পর্যটকরা। তাদের পদচারণায় নতুন করে প্রাণ ফিরছে এই বিলে। শাপলাকে ঘিরে তৈরি হচ্ছে পর্যটনের সম্ভাবনা, বাড়ছে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের হাজাছড়া বিলে ফুটেছে লাল শাপলা। প্রায় ১০ একর আয়তনের বিলটির মধ্যে এ বছর প্রায় ৪ একর এলাকাজুড়ে ফুটেছে লাল শাপলা। বিলজুড়ে ছড়িয়ে থাকা শাপলার অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন এলাকার দর্শনার্থীরা। প্রকৃতির এই সৌন্দর্যকে ঘিরে তৈরি হয়েছে পর্যটনের নতুন সম্ভাবনা। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে স্থানীয় নৌকাচালক ও পরিবহন শ্রমিকদের।

স্থানীয়দের তথ্যমতে, প্রতিদিন সকাল সকাল প্রায় ১০০ থেকে ১৫০ জন দর্শনার্থী হাজাছড়ার এই বিলে ঘুরতে আসছেন। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ একাই ছুটে আসছেন প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে। বিলের চারপাশে ফুটে থাকা লাল শাপলা দেখতে নৌকায় ঘুরছেন দর্শনার্থীরা। পাশাপাশি ছবি ও ভিডিও ধারণ করে স্মৃতি ধরে রাখছেন অনেকে।

স্থানীয় নৌকাচালক ইসমাইল হোসেন বলেন, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ শাপলা দেখতে আসছেন। তাদের নৌকায় করে পুরো বিল ঘুরে দেখেন। এতে প্রতিদিন শুধু তার কমপক্ষে ৭০০ থেকে ৮০০ টাকা আয় হচ্ছে। পর্যটকের সংখ্যা বাড়লে তাদের আয়ও বাড়বে বলে আশা করেন তিনি।

দর্শনার্থী দীমান চন্দ্র পাল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাজাছড়া বিলের লাল শাপলার ছবি ও ভিডিও দেখে এখানে আসার পরিকল্পনা করি। সরাসরি এসে বিলের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। চারদিকে লাল শাপলা, নির্মল পরিবেশ আর নৌকায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা অসাধারণ। এমন প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করা প্রয়োজন।

আরেক দর্শনার্থী মো. শফিক বলেন, শীতের সকালে হাজাছড়া বিলের সৌন্দর্য এককথায় অসাধারণ। ফেসবুকে যতটা সুন্দর দেখেছি, বাস্তবে তার চেয়েও বেশি মনোমুগ্ধকর। এখানে পর্যটকদের জন্য আরও কিছু নৌকার ব্যবস্থা, বসার জায়গা ও যাতায়াতের সুবিধা বাড়ানো হলে আরও বেশি মানুষ ঘুরতে আসবেন। এতে স্থানীয় মানুষেরও কর্মসংস্থান বাড়বে।

এদিকে হাজাছড়া বিলে পর্যটকদের যাতায়াত বাড়ায় স্থানীয় টমটম চালকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আয়ের সম্ভাবনা।

ইজিবাইক ( টমটম) চালক মো. রহিম জানান, শাপলা বিল দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসছেন। তাদের যাতায়াতের কারণে স্থানীয় পরিবহন চালকদেরও বাড়তি আয় হচ্ছে। যোগাযোগব্যবস্থা ও যাতায়াতের সুবিধা আরও উন্নত করা গেলে পর্যটকের সংখ্যা বাড়বে বলে মনে করেন তিনি।

প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার চাথোয়াই মারমা জানান, দীঘিনালার হাজাছড়া বিলের লাল শাপলা, স্বচ্ছ পানি ও চারপাশের প্রাকৃতিক পরিবেশ আলোকচিত্র ধারণের জন্য অসাধারণ। বিশেষ করে ভোরের আলোয় ফুটে থাকা লাল শাপলার সৌন্দর্য অন্যরকম রূপ ধারণ করে। তবে এই সৌন্দর্য ধরে রাখতে হলে দর্শনার্থীদের সচেতন হতে হবে। শাপলা না ছেঁড়া, ময়লা না ফেলা এবং বিলের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রাখা জরুরি।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি মো. হাসান মামুন জানান, আগে আমাদের এই বিলটি তেমন পরিচিত ছিল না। এখন বিলে লাল শাপলা ফুটতে শুরু করায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ দেখতে ছুটে আসছেন। এতে আমাদের এলাকার পরিচিতি বাড়ছে, পাশাপাশি নৌকাচালকসহ স্থানীয় মানুষের আয়-রোজগারের সুযোগ তৈরি হয়েছে। সরকারি উদ্যোগে বিলটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে এলাকার মানুষের কর্মসংস্থান আরও বাড়বে। তবে শাপলার সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

স্থানীয়দের মতে, পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে হাজাছড়া বিলকে ঘিরে দীঘিনালায় পর্যটনের নতুন সম্ভাবনাময় কেন্দ্র গড়ে উঠতে পারে। দর্শনার্থীদের সুবিধার্থে সরকারি বা প্রশাসনিক উদ্যোগে আরও কয়েকটি নৌকার ব্যবস্থা, যাতায়াত সুবিধা ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয় বাড়ার পাশাপাশি দীঘিনালার পর্যটন খাতও সমৃদ্ধ হবে।

দীঘিনালা উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আবুল খায়ের জানান, লাল শাপলা দেখতে ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। স্থানটি পর্যটনের সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সুযোগ রয়েছে। তবে লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ভোরে বিলে যাওয়ার পরামর্শ দেন তিনি।

প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য রক্ষা করে পরিকল্পিত পর্যটন ব্যবস্থা গড়ে তোলা গেলে হাজাছড়া বিল একদিকে যেমন দীঘিনালার নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে, অন্যদিকে স্থানীয় মানুষের জীবিকা ও অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   শীত  হিমেল হাওয়া  কুয়াশা  চাদর  বিল  লাল শাপলা  খাগড়াছড়ি  দীঘিনালা  হাজাছড়া বিল  দর্শনার্থী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: