বানারীপাড়ায় ভাইয়ের হামলায় ভাই নিহত

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বরিশালের বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর

2026-11-13T17:19:37+00:00
2026-11-13T17:19:37+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
বানারীপাড়ায় ভাইয়ের হামলায় ভাই নিহত
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম 
নিহত শিশির বাবু। ছবি : সংগৃহীত
জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বরিশালের বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত শিশির বাবু উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোর্শেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে। 

নিহত সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য ছিলেন। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোর্শেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে। এছাড়া তিনি বরিশালের বিভিন্ন ব্যান্ড দলের জনপ্রিয় সুদক্ষ ড্রামার ছিলেন।

শুক্রবার দুপুরে বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে মারামারি ও পরবর্তীতে একজনের মৃত্যুর বিষয়টি লোকমুখে শুনেছি। এঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোর্শেদ আলম দিলির মোল্লার পরিবারের সাথে দীর্ঘদিন থেকে বাড়ির জমিজমা নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ চলে আসছে। অতিসম্প্রতি প্রতিপক্ষের লোকজনে মোর্শেদ আলম দিলির মোল্লার পরিবারকে ৩২ শতক জমি লিখে দিয়ে পূর্ববিরোধ মীমাংসা করেন। 

সূত্রমতে, ওই ৩২ শতক জমি নিয়ে মোর্শেদ আলম দিলির মোল্লার ছেলে উপজেলা ছা্ত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম বিপুল মোল্লার সাথে তার ছোট ভাই উপজেলা যুবদলের সাবেক সদস্য সাব্বির মোর্শেদ শিশির বাবু মোল্লার বিরোধের সৃষ্টি হয়। 

 জানা গেছে, ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে দুইভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে শিশির বাবুকে আহতাবস্থায় তার পরিবারের সদস্যরা প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ওইদিন রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। শিশির বাবু মাটিতে পড়ে গেলে তার বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল মোল্লা। মৃতের বুক ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও তারা উল্লেখ করেন। দুই ভাইয়ের মারামারিতে বিপুল মোল্লাও আহত হয়েছেন।

নিহত বাবুর স্ত্রী এক সন্তানের জননী লিজা বেগম অভিযোগ করেন, তার স্বামীকে বড় ভাই বিপুল মোল্লা বেধড়ক মারধর করেছেন। একপর্যায়ে শিশির বাবু মাটিতে পড়ে গেলে তার বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল। এমনকি চিকিৎসার জন্য শিশির বাবুকে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নিতে বাধা দেন বিপুল। স্বামীর মৃত্যুর পর একমাত্র শিশু সন্তানকে নিয়ে অসহায়ত্বের কথা প্রকাশ করে লিজা বেগম বলেন, আমাদের সামনে এখন শুধু ঘোর অন্ধকার। 

অভিযোগের ব্যাপারে বানারীপাড়া উপজেলা ছা্ত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নিহতের ভাই জহিরুল আলম বিপুল মোল্লার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বানারীপাড়া  ভাই  হামলা  ভাই  নিহত  বরিশাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: