গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক। ছবি : সময়ের আলোদৈনিক সময়ের আলোয় খবর প্রকাশের পর গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ, ১৯৫৭-৫৮ সালে অধিগ্রহণ করা জমির একটি অংশ নতুন করে অধিগ্রহণ দেখিয়ে এক ব্যক্তিকে সাড়ে পাঁচ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নিশ্চিত করেছেন, আগামী ১৭ নভেম্বর গাইবান্ধা সার্কিট হাউজে তদন্ত অনুষ্ঠিত হবে।
অনিয়মের বিষয়ে গত ১ নভেম্বর সময়ের আলোর অনলাইন সংস্করণে ‘গেজেটে ফাঁক, নথিতে ভুল: ঢাকা-রংপুর মহাসড়কের ক্ষতিপূরণে অর্থ অপচয়ের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ৪ নভেম্বর প্রিন্ট সংস্করণে ‘জমি অধিগ্রহণে বাড়তি অর্থ ব্যয়’ শিরোনামে অধিগ্রহণের ক্ষতিপূরণ বিতরণে অনিয়মের খবর ছাপা হয়। এসব প্রতিবেদনের পর তদন্ত কমিটি গঠন করা হয়।
অভিযোগ অনুযায়ী, অধিগ্রহণ করা জমি পুনরায় অধিগ্রহণ দেখিয়ে মুনছুর আলী নামে এক ব্যক্তিকে ৫ কোটি ৫৬ লাখ ৪৩২ টাকা ক্ষতিপূরণ পরিশোধ করেছেন জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয় ও সংশ্লিষ্ট নথি সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ী মৌজার রাব্বীর মোড় এলাকায় ২০১৯-২০ অর্থবছরে ৮৩১ দাগের সাড়ে ১০ শতক জমি অধিগ্রহণ করা হয়। এর বিপরীতে ক্ষতিপূরণের অর্থ পান মুনছুর আলী। তবে অভিযোগকারীদের দাবি, ওই দাগের জমির একটি অংশ ১৯৫৭-৫৮ সালেই অধিগ্রহণ করা হয়েছিল। ফলে মুনছুর আলীর নামে পুনরায় ক্ষতিপূরণ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগকারীদের একজন স্থানীয় ওষুধ ব্যবসায়ী রেজাউল করিম। তাঁর দাবি, জমির নথি অনুযায়ী মুনছুর আলীর বাবা মোফাজ্জল হোসেনের মালিকানাধীন জমির একটি অংশ আগেই অধিগ্রহণ করা হয়েছিল। ১৯৫৭-৫৮ সালে ১/৬৯/১৯৫৭/৫৮ নম্বর এলএ মামলায় ৩২ শতক জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে ৮৩১ দাগ থেকে ২০ শতক এবং ৮৪২ দাগ থেকে ১২ শতক জমি নেওয়া হয়েছিল।
অভিযোগ অনুযায়ী, অধিগ্রহণের পর মোফাজ্জল হোসেনের নামে ১৯৬২ সালের জরিপে ওই জমিসহ পুনরায় রেকর্ড হয়। পরবর্তী সময়ে তিনি স্ত্রী ও মেয়েদের ৫২ শতক জমি দান করেন এবং দুই ছেলে মোকছেদ ও মুনছুর আলীকে ৭০ শতক জমি দলিল করে দেন।
রেজাউল করিমের হিসাব অনুযায়ী, ৩২ শতক অধিগ্রহণ এবং ৫২ শতক দানের পর মোফাজ্জলের অবশিষ্ট থাকার কথা ৪৩ শতক। সে হিসাবে দুই ছেলের প্রত্যেকের প্রাপ্য ২১ দশমিক ৫০ শতক। মুনছুর আলী তাঁর প্রাপ্য জমির মধ্যে ১৬ শতক বিক্রি করেছেন এবং প্রায় ছয় শতক জমিতে বাড়ি করে বসবাস করছেন। ফলে তাঁর নামে নতুন করে সাড়ে ১০ শতক জমির ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন রেজাউল করিম।
রেজাউল করিমের অভিযোগ, তাঁর মা রেখা বেগমসহ কয়েকজন ২০১৫ সালের ১৬ এপ্রিল ২৪৫৩ নম্বর দলিলে আট শতক জমি কেনেন। ওই জমির একটি অংশ মহাসড়কের জন্য অধিগ্রহণের সীমানার মধ্যে পড়লেও তাঁরা যথাযথ ক্ষতিপূরণ পাননি। পরে আপত্তি জানালে তাঁকে মাত্র দশমিক ৪০ শতক জমির ক্ষতিপূরণ দেওয়ার আদেশ হয়। তাঁর দাবি, প্রাপ্য জমির তুলনায় তাঁকে কম ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
এদিকে, ক্ষতিপূরণের অর্থ পরিশোধ স্থগিত রাখার অনুরোধ জানিয়ে ২০২৫ সালের ১৬ এপ্রিল গাইবান্ধার জেলা প্রশাসককে চিঠি দিয়েছিলেন সাসেক সড়ক সংযোগ-২ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ফিরোজ আখতার।
চিঠিতে বলা হয়, নুনিয়াগাড়ী মৌজার আরএস ২৫ খতিয়ানের ৭৯ ও ৮০ দাগের মোট ১ একর ২৭ শতক জমির মধ্যে ১৯৫৭-৫৮ সালের এলএ মামলায় ৩২ শতক অধিগ্রহণ করে সড়ক ও জনপথ অধিদপ্তর। পরবর্তী সময়ে বিআরএস জরিপে ৭৯ দাগটি ৮৩১ এবং ৮০ দাগটি ৮৪২ দাগে রূপান্তরিত হয়।
সময়ের আলো/আতা