প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম আপডেট: ১৩.১১.২০২৬ ৫:৫৭ পিএম
ছবি : সংগৃহীত কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা বৈদ্যুতিক তার, মিটার ও ফিউজ পরীক্ষা করে এমন তথ্য পাওয়া গেছে বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওএন্ডএম) তোজাম্মেল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।
তোজাম্মেল হক বলেন, পল্লী বিদ্যুতের সরবরাহ লাইন থেকে কোনো শর্টসার্কিট হয়নি। অগ্নিকাণ্ডের সময় বিদ্যুতের লাইনও অক্ষত ছিল। ঘটনার পর অভিযোগ কেন্দ্রে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে দুজন লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক তার ও মিটার উদ্ধার করেন। পরীক্ষায় তারে কোনো ক্ষতি পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আগুনে মিটারের বাইরের অংশ পুড়ে গেলেও ভেতরের সার্কিটে শর্টসার্কিটের কোনো চিহ্ন মেলেনি। বাড়ির প্রধান সুইচের কার্টিজ ফিউজগুলোও অক্ষত ছিল। সাধারণত বৈদ্যুতিক শর্টসার্কিট হলে ফিউজ পুড়ে যাওয়ার কথা। তবে এ বাড়িতে ফিউজগুলো অক্ষত অবস্থায় পাওয়া গেছে। সেখানে স্বাভাবিক মানের ফিউজ ব্যবহার করা হয়েছিল, উচ্চ রেটিংয়ের কোনো ফিউজ ছিল না।
সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে দায়ী করার মতো কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরোনো বাড়িটির বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল থাকায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
উল্লেখ্য, বুধবার রাতে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির কয়েকটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায় বলে জানা গেছে।
এ ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি।
সময়ের আলো/জেডি