গ্রেফতার ব্যক্তিরা ও উদ্ধার হাতুড়ি। ছবি : সংগৃহীতরাজশাহীর গোদাগাড়ীতে ১৬ বছর বয়সী কিশোর অটোরিকশাচালক সিহাব রানাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার হাতুড়ি ও ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত সিহাব রানা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। গত ২৭ অক্টোবর ২০২৬ বিকেলে সে তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। ওই দিন রাত আনুমানিক ৮টার দিকে মো. হাবিবুল বাসার শিমুল ২০০ টাকা ভাড়ায় সিহাবের অটোরিকশায় দিগ্রাম যাওয়ার কথা বলে। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী অটোরিকশাটি গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে ধানখেত সংলগ্ন এলাকায় পৌঁছালে শিমুল পেছন থেকে সিহাবের মাথায় লোহার হাতুড়ি দিয়ে পরপর দুটি আঘাত করে।
এতে ঘটনাস্থলেই সিহাবের মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। পরে মরদেহ রাস্তার পাশের ধানকেতে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত শিমুল।
এদিকে বাড়ি থেকে বের হওয়ার পর সিহাব আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোনো সন্ধান না পেয়ে ২৮ অক্টোবর সিহাবের বাবা মো. সোহেল রানা গোদাগাড়ী থানায় ছেলের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর ৩১ অক্টোবর সকাল আনুমানিক ৮টার দিকে কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে একটি ধানখেত থেকে সিহাবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় নিহতের বাবা মো. সোহেল রানা বাদী হয়ে ১ নভেম্বর গোদাগাড়ী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সামসুল আলম, গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাজ্জাক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তদন্ত শুরু করে।
তথ্যপ্রযুক্তি ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় ১২ নভেম্বর সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটী গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে মো. হাবিবুল বাসার শিমুল, তার মা একই গ্রামের মোসা. জোহুরা বেগম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া গ্রামের মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে মো. সুজন এবং একই উপজেলার বাগানপাড়া গ্রামের মো. মতিউর রহমানের ছেলে মো. আব্দুল হালিম।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার চার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/এনএন