গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী কিশোরী আফরিন আক্তার মারা গেছে।শুক্রবার (১৩

2026-11-13T21:52:46+00:00
2026-11-13T21:52:46+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৫২ পিএম 
মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের নিজ বাড়িতে আফরিন আক্তারের মৃত্যু হয়। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী কিশোরী আফরিন আক্তার মারা গেছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। অর্থাভাবে চিকিৎসা চালাতে না পেরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের রওশন আরার সঙ্গে তার ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে বিভিন্ন সময় হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রওশন আরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে গেলে ঘুমন্ত অবস্থায় আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেন তার মামি সোনিয়া আক্তার। এতে তার কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর অর্থসংকটের কারণে আফরিনকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

পরে গত ২৭ অক্টোবর সকালে আফরিনের মা রওশন আরা চারজনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন। ওই দিনই অভিযান চালিয়ে আফরিনের মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার ও সোনিয়ার বোনের স্বামী মোস্তফা মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তারা নারায়ণগঞ্জ কারাগারে রয়েছেন।

আফরিনের মা রওশন আরা বলেন, জমি নিয়ে তার ভাই জাকির হোসেন ও তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ছাড়া একটি মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে তার মেয়েকে দোষারোপ করা হয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সোনিয়া তার ঘুমন্ত মেয়ের শরীরে গরম পানি ঢেলে দেন।

তিনি বলেন, অর্থাভাবে মেয়ের চিকিৎসা চালিয়ে যেতে পারেননি। চিকিৎসার খরচ বহন করা হলে তিনি মামলা করতে চাইতেন না। তার মেয়ের চিকিৎসার অভাবেই মৃত্যু হয়েছে বলে দাবি করে এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, গরম পানিতে দগ্ধ কিশোরী মারা গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের মায়ের দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   গরম পানি  ঝলসে দেওয়া  কিশোরীর মৃত্যু  নারায়ণগঞ্জ  সোনারগাঁও  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: