সাংবাদিকদের তুলে নিয়ে মারধরের অভিযোগ। ছবি : সময়ের আলোগাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযানের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে চার সাংবাদিককে পথরোধ করে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সুইচ অফ করে রাখেন, হাতে জোর করে টাকা গুঁজে দিয়ে ভিডিও ধারণ করেন এবং অশ্লীল ভাষায় গালাগাল করেন। আহত সাংবাদিকেরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল এ হামলা চালায়।
শনিবার বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অবৈধভাবে বালু মজুত করে রাখা স্থানে অভিযান চালানো হয়। অভিযানে বালু ও বালু বহনের কাজে ব্যবহৃত চারটি ট্রাক্টর জব্দ করা হয়।
আহত সাংবাদিকেরা জানান, অভিযানের ভিডিও ফুটেজ ও তথ্য নিয়ে তারা সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ তিনটি মোটরসাইকেলে করে আসা নয়জন তাদের পথরোধ করেন। পরে তাদের একটি দোকানঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে বেধড়ক মারধর করা হয়। এ সময় তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে সুইচ অফ করে রাখা হয়। চার সাংবাদিকের হাতে টাকা গুঁজে দিয়ে সেই দৃশ্য ভিডিও করা হয় বলেও অভিযোগ তাদের।
আহত সাংবাদিকেরা হলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দৈনিক আজকের পত্রিকা, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও জাগো নিউজের গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, স্থানীয় দৈনিক জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম এবং সাংবাদিক পাপ্পু সরকার।
আনোয়ার হোসেন শামীম জানান, অবৈধ বালু উত্তোলনের তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনিসহ চারজন অবরুদ্ধ ও মারধরের শিকার হন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। এটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধরের বিষয়টি তিনি শুনেছেন। তিনি আরও জানান, অভিযানে জব্দ করা যানবাহনগুলো ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। তারা ঘটনাকে সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তাদের বক্তব্য, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং পরিকল্পিতভাবে জটলা (মব) তৈরি করে সম্মানহানির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনা শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের জন্যও উদ্বেগজনক। জোর করে হাতে টাকা ধরিয়ে ভিডিও করার উদ্দেশ্য ছিল সাংবাদিকদের হেয়প্রতিপন্ন করা, এমন অভিযোগও করেছেন প্রতিবাদকারীরা।
প্রতিবাদকারীরা ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, ঘটনার নেপথ্যে কোনো স্বার্থান্বেষী মহলের ইন্ধন বা পরিকল্পিত ষড়যন্ত্র আছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখতে হবে এবং প্রকৃত ঘটনা জনসমক্ষে প্রকাশ করতে হবে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনকারীদের এমন ঔদ্ধত্যের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ও কার্যকর পদক্ষেপও দাবি করেছেন তারা।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি ও নির্যাতনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।
সময়ের আলো/আতা