প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:০৬ পিএম
প্রতীকী ছবিকিশোরগঞ্জের নিকলীতে বিয়েবাড়ির অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৪৫ জন। তাদের মধ্যে কিরণ মিয়া (৩৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। অসুস্থ ব্যক্তিদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার দামপাড়া ইউনিয়নের বরখান্দা গ্রামে আরজু মিয়ার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বরযাত্রী ও কনেপক্ষের অতিথিসহ প্রায় ৩০০ জন অংশ নেন। দুপুরে খাবার খেয়ে অতিথিরা নিজ নিজ বাড়িতে ফিরে যান। পরে রাত ১০টার পর থেকে তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের পেটব্যথা, বমি, জ্বর ও পাতলা পায়খানার উপসর্গ দেখা দেয়।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অসুস্থ ব্যক্তিদের মধ্যে ৪৫ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে বরখান্দা গ্রামের পল্লী চিকিৎসক কিরণ মিয়ার মৃত্যু হয়। মৃত কিরণ মিয়া বরখান্দা গ্রামের মৃত ইছু মাস্টারের ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।
দামপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) সদস্য রাশিদা বলেন, বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে বরখান্দা গ্রামের কিরণ নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যুর খবর তিনি নিশ্চিত হয়েছেন।
নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, শুক্রবার রাত ১০টার পর থেকে অসুস্থ ব্যক্তিরা হাসপাতালে আসতে শুরু করেন। এ পর্যন্ত ৪৫ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন। তাদের জ্বর ও পাতলা পায়খানা হচ্ছে। রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন দেওয়া হচ্ছে। রোগীর সংখ্যা বেশি হওয়ায় সবাইকে শয্যা দেওয়া সম্ভব হচ্ছে না। কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ডা. সজীব ঘোষ আরও বলেন, প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তের জন্য হাসপাতালের স্যানিটারি ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার কাছ থেকে প্রাথমিক তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। ঘটনার বিস্তারিত জানতে খোঁজখবর নিচ্ছেন।
সময়ের আলো/আতা