মিলে পড়ে আছে ৪৮ কোটি টাকার চিনি, কিনছেন না ডিলাররা

মো. মুস্তাফিজুর রহমান কাজল, জামালপুর

সারাদেশ

বাজারে প্রতি কেজি চিনির দাম ১০০ থেকে ১০৫ টাকা। অথচ জামালপুরের দেওয়ানগঞ্জের জিল বাংলা সুগার মিলস লিমিটেডে একই চিনি বিক্রি

2026-11-14T23:02:27+00:00
2026-11-14T23:02:27+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
মিলে পড়ে আছে ৪৮ কোটি টাকার চিনি, কিনছেন না ডিলাররা
মো. মুস্তাফিজুর রহমান কাজল, জামালপুর
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:০২ পিএম 
জামালপুরের জিল বাংলা সুগার মিলস লিমিটেড। ছবি : ইন্টারনেট থেকে নেওয়া
বাজারে প্রতি কেজি চিনির দাম ১০০ থেকে ১০৫ টাকা। অথচ জামালপুরের দেওয়ানগঞ্জের জিল বাংলা সুগার মিলস লিমিটেডে একই চিনি বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেশি হওয়ায় মিলের চিনি কিনতে আগ্রহ দেখাচ্ছেন না ডিলাররা। ফলে গুদামে অবিক্রীত পড়ে আছে ৩ হাজার ৫০০ মেট্রিক টন চিনি ও ৯০০ মেট্রিক টন চিটাগুড়। সব মিলিয়ে প্রায় ৪৮ কোটি টাকার পণ্য বিক্রি না হওয়ায় আটকে আছে মিলের বিপুল অর্থ।

সামনে নতুন মাড়াই মৌসুম শুরু হওয়ায় অবিক্রীত এসব পণ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নতুন উৎপাদিত চিনি সংরক্ষণ এবং আখচাষিদের পাওনা পরিশোধ নিয়ে শঙ্কায় রয়েছেন সংশ্লিষ্টরা।

ডিলারদের দাবি, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে চিনির দাম নির্ধারণ না করলে বিক্রি বাড়ানো কঠিন। তবে মিল কর্তৃপক্ষের আশা, নতুন মৌসুম শুরুর আগেই বর্তমান মজুদের বেশিরভাগ চিনি বিক্রি হয়ে যাবে।

জিল বাংলা সুগার মিলস লিমিটেডের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ৮৪ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৬৮ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। এর মধ্যে বিক্রি হয়েছে ১ হাজার ৮৬৮ মেট্রিক টন। অবিক্রীত ৩ হাজার ৫০০ মেট্রিক টন চিনির মূল্য ৪৫ কোটি ২২ লাখ টাকা।

এ ছাড়া ৯০০ মেট্রিক টন চিটাগুড় অবিক্রীত রয়েছে, যার মূল্য ২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে ৪৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকার চিনি ও চিটাগুড় এখনও বিক্রি করতে পারেনি মিল কর্তৃপক্ষ।

চিনি কিনছেন না ডিলাররা
চিনি বিক্রি না হওয়ার পেছনে বাজারদরের সঙ্গে মিলের নির্ধারিত দামের ব্যবধানকেই প্রধান কারণ হিসেবে দেখছেন ডিলাররা। তাদের ভাষ্য, খোলাবাজারে ১০০ থেকে ১০৫ টাকায় চিনি পাওয়া গেলে মিল থেকে ১২৫ টাকা কেজি দরে চিনি কিনে বিক্রি করা সম্ভব নয়। এতে পরিবহন ও অন্যান্য খরচ যোগ করে লোকসানের পরিমাণ আরও বাড়বে।

দেওয়ানগঞ্জের কাদের এন্টারপ্রাইজের ডিলার আব্দুল কাদের বলেন, সরকারি চিনির রেট ১২৫ টাকা কেজি। মার্কেটে বিক্রি করছে ১০৫ থেকে ১০০ টাকা। ফলে আমরা আমাদের চিনি উঠাচ্ছি না। উঠালে লস হবে।

একই পরিস্থিতির কথা জানালেন সাত্তার অ্যান্ড সন্সের ডিলার আব্দুস সাত্তার। তিনি বলেন, ছয়-সাতটা অ্যালটমেন্ট (বরাদ্দ) যদি ধরেন, আমরা যদি প্রত্যেক অ্যালটমেন্টে লস করি, তা হলে ১২ হাজার টাকা করে লস হবে আমাদের। সেটা আমরা লস না করে যখন আমরা রিনিউ করি, তখন আমরা এটা অ্যাডজাস্ট করে দিই। চিনির রেট কমলে বিক্রি ভালো হতে পারে। কিন্তু এখন আমাদের নেওয়া হচ্ছে না। এ জন্য আমরা অন্যান্য মিলের চিনিগুলো বিক্রি করছি।

ডিলারদের এমন অনাগ্রহে মিলের চিনির বিপণন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। বরাদ্দ থাকা সত্ত্বেও অনেক ডিলার চিনি তুলছেন না। ফলে উৎপাদিত পণ্য গুদামেই পড়ে থাকছে।

চিনির বিপুল মজুদ শুধু মিলের বিপণন কার্যক্রমেই প্রভাব ফেলছে না, উদ্বেগ বাড়াচ্ছে আখচাষিদের মধ্যেও। তাদের আশঙ্কা, উৎপাদিত চিনি বিক্রি না হলে মিলের হাতে নগদ অর্থের সংকট তৈরি হতে পারে। এতে আখ সরবরাহের বিপরীতে পাওনা টাকা পেতেও বিলম্ব হতে পারে।

মলমগঞ্জ এলাকার কৃষক সোবাহান মণ্ডল বলেন, ‘শুনছি সুগার মিলের চিনি বেচা হচ্ছে না। সে কারণে আমরা একটু হিমশিমের মধ্যে আছি। কারণ চিনি বিক্রি না হলে মিল কর্তৃপক্ষ তো পেমেন্ট করতে পারবে না, টাকা দিতে পারবে না।’

আরেক কৃষক হায়দর আলী বলেন, ‘এলাকার খরচ বহুত। আর আমরা কৃষক কী খামু? ওই মিলের চিনি যদি বিক্রি না করে, তা হলে মিল থেকে তো আমরারে দেবে না, পুঁজিও দেবে না। তবে আমরা কৃষক তো অনেক বিপদের মধ্যে পড়ে আছি।’

আখচাষিদের আশঙ্কা, নতুন মৌসুমে আখ সরবরাহ করেও যদি সময়মতো পাওনা না পাওয়া যায়, তা হলে পরবর্তী সময়ে আখ চাষে আগ্রহ কমে যেতে পারে। এতে দীর্ঘমেয়াদে মিলের কাঁচামাল সংগ্রহেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তবে অবিক্রীত চিনির কারণে নতুন মাড়াই মৌসুমের উৎপাদন ও সংরক্ষণে সমস্যা হবে না বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তাদের দাবি, গুদামে পর্যাপ্ত জায়গা রয়েছে। নতুন মৌসুম শুরুর আগেই বর্তমান মজুদের বেশিরভাগ চিনি বিক্রি হয়ে যাবে।

জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌসুল আলম বলেন, বর্তমানে আমাদের গোডাউনে ৩ হাজার ৫০০ মেট্রিক টন চিনি মজুদ রয়েছে। এসব চিনির বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। আশা করছি আগামী মাড়াই মৌসুম শুরুর আগেই মজুদ থাকা সব চিনি বিক্রি হয়ে যাবে। বিষয়টি আমাদের সদর দফতরকেও অবহিত করা হয়েছে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম বলেন, আগামী মাড়াই মৌসুম শুরু হবে, চিনি উৎপাদন শুরু হবে; তার আগে আমাদের বেশিরভাগ চিনি ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে। আমাদের যে গোডাউনের জায়গা আছে, পর্যাপ্ত জায়গা আছে। আশা করি সেখানে নতুন চিনি রাখতে কোনো সমস্যা হবে না।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত জিল বাংলা সুগার মিলস লিমিটেড এ পর্যন্ত ৬৭টি মাড়াই মৌসুম সম্পন্ন করেছে। চলতি বছরের ২৭ নভেম্বর ৫ হাজার ৩৯০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ৬৮তম মাড়াই মৌসুম শুরুর কথা রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   বাজার  চিনি  জামালপুর  দেওয়ানগঞ্জ  জিল বাংলা সুগার মিলস লিমিটেড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: