প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ পিএম
অশ্বিনী-মাসুদ দম্পতি। ছবি : সময়ের আলোভালোবাসার টানে সুদূর ভারতের কেরালা রাজ্য থেকে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছুটে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী। বর্তমানে তিনি স্বামী মাসুদ রানার সঙ্গে পীরগঞ্জে শ্বশুরবাড়িতে সংসার করছেন।
মাসুদ রানা পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা।
জীবিকার তাগিদে ২০২১ সালের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমান তিনি। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন। প্রায় তিন বছর পর একই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে যোগ দেন ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনী।
একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে পরিচয়, বন্ধুত্ব এবং একপর্যায়ে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুজনের সম্মতিতে তারা দুবাইয়ের আদালতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিয়ের পর দুবাইয়ে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর একসঙ্গে সংসার করেন এই দম্পতি। বুধবার (১১ নভেম্বর) মাসুদ রানা ছুটিতে দেশে ফিরে আসেন। তবে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ওই সময় স্ত্রী অশ্বিনীকে সঙ্গে আনতে পারেননি। পরে অশ্বিনী ভারতে নিজের বাড়িতে ফিরে প্রয়োজনীয় ভিসা সংগ্রহ করেন। এরপর স্বামীর সঙ্গে থাকতে বাংলাদেশে চলে আসেন তিনি।
অশ্বিনী বলেন, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় রানার সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে ভালো লাগা, পরে তা ভালোবাসায় রূপ নেয়। দুজনের পছন্দেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
মাসুদ রানার মা জানান, প্রবাসে থাকা অবস্থায় ছেলের প্রেমের সম্পর্কের কথা পরিবার জানতে পারে। বর্তমানে ছেলে ও পুত্রবধূ দুজনই বাড়িতে রয়েছেন।
পরিবারের দাবি, অশ্বিনী ইতোমধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
কেরালা থেকে আসা এই নববধূকে এক নজর দেখতে প্রতিদিন মাসুদ রানার বাড়িতে ভিড় করছেন উৎসুক এলাকাবাসী।
ভবিষ্যতে বাংলাদেশে স্থায়ীভাবে থাকবেন, নাকি আবারও বিদেশে পাড়ি জমাবেন— এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন মাসুদ ও অশ্বিনী।
সময়ের আলো/আতা