প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩:১৩ এএম
ছবি : সংগৃহীত দিনাজপুরের বিরল উপজেলায় একটি কওমি মাদরাসার শৌচাগার থেকে আট বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার পরিচালক মাওলানা মোকাররম হোসেনকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিরল পৌর শহরের মাদরাতুস সুন্নাহ কওমি মাদরাসার শৌচাগার থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাফায়েত হোসেন বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। আট মাস আগে তাকে ওই মাদরাসায় ভর্তি করা হয়েছিল। শনিবার বিকেলে সাফায়েতের দাদা মাদরাসায় গিয়ে নাতির সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যান। পরে রাতে শিশুটির মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আটটার দিকে মাদরাসার পরিচালক মোকাররম হোসেন শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখতে পান। দরজায় কড়া নেড়েও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি দরজার ওপরের ফাঁকা অংশ দিয়ে মুঠোফোনের আলো ফেলেন। এ সময় ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে আরও দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে সাফায়েতকে উদ্ধার করেন তিনি।
দ্রুত শিশুটিকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, মাদরাসাশিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনাটি পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাদরাসার পরিচালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
সময়ের আলো/এসএকে