প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:১৪ পিএম
বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের ককটেল। ছবি : সময়ের আলোদিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা । এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হিলি বাজারে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দলীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আরও একটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি জব্দ করে।
হাকিমপুর থানার উপপরিদর্শক এসআই লক্ষীকান্ত বলেন, ঘটনাস্থলে একটি ককটেল পড়ে থাকতে দেখা গেছে। পরে সেটি জব্দ করা হয়েছে।
তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম জানান, হিলি বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত থানার এসআই লক্ষীকান্ত সহ সঙ্গীয় ফোর্স পাঠিয়ে দিয়েছি। পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পাশে মোটরসাইকেল গ্যারেজ (ম্যাকানিকের) দোকানে লাগানো সিসি টিভি ফুটেজ দেখেছেন। তবে কোন লোক দেখতে পারেন নাই। পরে পুলিশ ঘটনা স্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।
সময়ের আলো/জোই