(ইনসেটে) পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি : সংগৃহীতপঞ্চগড় জেলায় সারের নতুন ডিলার নিয়োগে চরম স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। নিয়োগের তালিকা বিশ্লেষণে দেখা গেছে, জেলাজুড়ে ২৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নিয়োগ পাওয়া ডিলারদের প্রায় সবাই পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নিকটাত্মীয় এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রভাবশালী নেতাকর্মী।
এ ঘটনায় ক্ষুব্ধ অন্য আবেদনকারীরা প্রতিকার চেয়ে কৃষি মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নিয়োগের তালিকায় সবচেয়ে আলোচিত নাম প্রতিমন্ত্রীর ছোট ভাই ও বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর লায়ন। তিনি ‘মেসার্স প্যারেন্টস ট্রেডার্স’ নামে ডিলারশিপ পেয়েছেন।
বিস্ময়কর বিষয় হলো, যেখানে অন্যান্য ইউনিয়নে ডিলার হতে ১৬ জন পর্যন্ত আবেদন করেছিলেন, সেখানে লায়নের ইউনিয়নে তিনি একাই আবেদনকারী ছিলেন এবং অন্য কোনো নাম বাছাই তালিকায় ছিল না। এছাড়া বোদা পৌরসভায় ডিলারশিপ পেয়েছেন প্রতিমন্ত্রীর ভাগনে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের স্ত্রী আনোয়ারা পারভীন।
তেঁতুলিয়া উপজেলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সুলতানা রাজিয়া, যুবদল ও ছাত্রদলের নেতারাও ডিলারশিপ পেয়েছেন।
পঞ্চগড় সদর ও দেবীগঞ্জেও একই চিত্র দেখা গেছে, যেখানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতা ও তাদের পরিবারের সদস্যদের নাম রয়েছে। এমনকি আওয়ামী লীগ থেকে নব্য বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তিদেরও বড় অঙ্কের বাণিজ্যের এই ডিলারশিপ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, সারের ডিলার নিয়োগের নামে রীতিমতো তামাশা করা হয়েছে। প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে শুধুমাত্র রাজনৈতিক পরিচয় বিবেচনায় এই নিয়োগ দেওয়া হয়েছে। অনেকেই ৩-৪টি লাইসেন্স থাকা সত্ত্বেও আবারও ডিলারশিপ পেয়েছেন। অমরখানা ইউনিয়নের এক আবেদনকারী অভিযোগ করেন, সারের গুদাম না থাকা সত্ত্বেও কেবল প্রভাব খাটিয়ে অনেকে তালিকায় নাম লিখিয়েছেন।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন জানান, উপজেলা কমিটি থেকে প্রেরিত নামের ক্রমিক অনুযায়ী তারা মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছেন এবং যাচাই-বাছাইয়ের মূল দায়িত্ব ছিল উপজেলা কমিটির।
অন্যদিকে, পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, অভিযোগের বিষয়টি এখনও দেখিনি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আতা