প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:১৬ পিএম
প্রতীকী ছবিনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে মো. রনি (৪১) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আলামিন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ডের মিজমিজি তেরা মার্কেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মো. রনি নাসিক ১ নং ওয়ার্ডের মিজমিজি পাইনাদি এলাকার আলী হোসেনের ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই দিন আগে নিহত রনির সঙ্গে আলামিনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়েছিল। সেই বিরোধের জের ধরে আজ সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।
স্থানীয়রা আরও জানান, ঘটনার পর অভিযুক্ত আলামিনকে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে দাঁড়িয়ে থাকতে দেখেন তারা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। অভিযুক্ত আলামিন সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আলীর ছেলে।
এদিকে নিহতের স্ত্রী জানান, আমার স্বামী পেশায় গাড়িচালক ছিলেন। সকালে হঠাৎ করে কে বা কার একটি ফোন আসে। ফোন পেয়ে সে ঘর থেকে বেড়িয়ে পরেন। পরবর্তীতে জানতে পারি আমার স্বামীকে মেরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রাখা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ছুরিকাঘাতে রনিকে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় জড়িত সন্দেহে আলামিন নামে একজনকে আটক করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ৫'শ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
সময়ের আলো/আতা