প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:০৮ পিএম
হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু। ছবি : সময়ের আলোমেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের নার্সদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। এ নিয়ে হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট নার্সরা।
নিহত আছিয়ার (৩০) বাড়ি মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকায়। তিনি ওই এলাকার রিপনের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর দুপুরে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় আছিয়াকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়।
আছিয়ার মৃত্যুর পর স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালে দায়িত্ব পালনকারী নার্সরা রোগীর প্রয়োজনীয় সেবা যথাযথভাবে দেননি। তাদের দাবি, নার্সদের অবহেলার কারণেই রোগীর চিকিৎসায় ব্যাঘাত ঘটে। এ অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, নার্সদের দাবি, রোগীর স্বজনরা ডাকলে তারা একাধিকবার সাড়া দিয়েছেন এবং প্রয়োজনীয় সেবাও দিয়েছেন। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা অনীহা ছিল না বলে জানান তারা।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. অলোক কুমার দাস বলেন, হাসপাতালে চিকিৎসক সংকট থাকায় চাইলেও সব রোগীর কাছে সময়মতো পৌঁছানো সম্ভব হয় না। তবে আছিয়ার শারীরিক সমস্যার কথা জানার সঙ্গে সঙ্গেই তিনি রোগীর কাছে গিয়ে চিকিৎসা দিয়েছেন।
সময়ের আলো/জোই