প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম
অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। ছবি : সময়ের আলোসুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে কোস্টগার্ড বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি ও দুটি ওয়াকিটকি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খুলনার দাকোপ থানার শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের ভেতর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্ত্র ও গোলাবারুদ মজুতের তথ্য পেয়ে মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা অভিযান চালান।
এসময় লুকিয়ে রাখা ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি ও দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
কোস্ট গার্ডের ওই কর্মকর্তা আরও জানান, সরকারের নির্দেশনা, স্থানীয় জনগণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে দস্যুমুক্ত করার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/জোই