সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখন কক্সবাজারের চকরিয়া কাহারিয়াঘোনার মাওলানা ফজল কাদেরের বসতঘরে তখন নেমে এসেছিল এক নিঃশব্দ বিভীষিকা। কয়লার সামান্য স্ফুলিঙ্গ কেড়ে নিয়েছে দুটি তরতাজা প্রাণ। রোববার দিবাগত রাতের সেই ভয়াল আগুনে দগ্ধ হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন দুই ভাই—ওমর ফারুক (১৭) এবং তার ছোট ভাই মোহাম্মদ আবদুল্লাহ (১৬)। তারা দুজনই পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। কোরআনের আলোয় বুক ভরা যাদের স্বপ্ন ছিল, আজ তাদের চিরবিদায়ের সুর বাজছে সেই বাড়িতে।
কীভাবে ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা?
স্থানীয় সূত্রে জানা যায়, ঘুমাতে যাওয়ার আগে পরিবারের কেউ একজন স্টিলের টিফিন বক্সে কয়লা জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করেছিলেন। কিন্তু কাজ শেষে সেই আগুন পুরোপুরি নিভেছে কি না, তা আর নিশ্চিত করা হয়নি। অবহেলার সেই ছোট ভুলটাই কাল হয়ে দাঁড়াল। পুরোপুরি না নেভা কয়লার আগুন একসময় কাপড়ে ধরে যায়। ঘরের চারপাশ খোলা থাকায় বাতাসের টানে মুহূর্তের মধ্যে সেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে দাবানলের মতো।
মুহূর্তের আগুনে পরিবারের সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘরের ভেতরে আটকা পড়ে গুরুতর দগ্ধ হন দুই ভাই। প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে একে একে নিভে যায় দুই ভাইয়ের জীবনপ্রদীপ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে মারা যান বড় ভাই ওমর ফারুক। আর ঠিক ১৫ ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার যখন বড় ভাইয়ের জানাজার প্রস্তুতি যখন চলছে তখন পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে যান ছোট ভাই আবদুল্লাহও।
সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফোরকানুল ইসলাম দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক পরিবারে দুই ভাইয়ের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। শোকের মাতমে ভারী হয়ে উঠেছে চকরিয়ার বাতাস।
সময়ের আলো/আতা