বেগমগঞ্জের শিশু নূহাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী শিশু তাইবা ইলহাম নূহাকে শ্বাসরোধে হত্যার তথ্য উঠে এসেছে ময়নাতদন্তের প্রতিবেদনে। তবে ঘটনার আট

2026-11-17T18:56:45+00:00
2026-11-17T18:56:45+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
বেগমগঞ্জের শিশু নূহাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম 
ইলহাম নূহা। ছবি : সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী শিশু তাইবা ইলহাম নূহাকে শ্বাসরোধে হত্যার তথ্য উঠে এসেছে ময়নাতদন্তের প্রতিবেদনে। তবে ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে নিহত শিশুটির পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে।

গত ৯ নভেম্বর নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মহতাপুরে একটি নির্মাণাধীন ঘরের পাশ থেকে শিশু নূহার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদরাসায় গিয়ে নিখোঁজ হয় সে। পরে মরদেহ উদ্ধারের সময় শিশুটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।

নিহত নূহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মহতাপুর গ্রামের মহতাপুর নুরানি মাদরাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।

পরিবারের অভিযোগ, শুরু থেকেই নূহাকে হত্যার কথা বলে মামলা করতে চাইলেও পুলিশ ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উঠে আসে। চিকিৎসকদের প্রতিবেদনে বলা হয়েছে, গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধের মাধ্যমে নূহাকে হত্যা করা হয়েছে।

নিহত নূহার চাচা মো. সুজন জানান, ঘটনার আট দিন পার হলেও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি বলেন, আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, এটি স্বাভাবিক মৃত্যু নয়। নূহাকে হত্যা করা হয়েছে। আমরা সেদিনই থানায় হত্যা মামলা করতে চেয়েছি। কিন্তু পুলিশ সেদিন এটিকে অপমৃত্যু মামলা হিসেবে নিয়েছে। আজ আমাদের নতুন করে হত্যা মামলা করতে বলেছে।


নূহার মা নাসরিন আক্তার মৌসুমী বলেন, মরদেহ উদ্ধারের পর নূহার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। গলা, ঠোঁট, মুখ ও পিঠে ফোলা ও দাগ ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতবারই আমাদের কাছে তথ্য চেয়েছে, আমরা সব তথ্য দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো অপরাধীকে তারা শনাক্ত করতে পারেনি।
নাম প্রকাশ না করার শর্তে ময়নাতদন্তকারী এক চিকিৎসক জানান, নূহার মৃত্যু স্বাভাবিক নয়। তাকে গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নূহাকে গলায় শ্বাসরোধ করে হত্যার বিষয়টি উল্লেখ রয়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।
উল্লেখ্য, গত সোমবার (৯ নভেম্বর) বিকালে নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাহতাপুর গ্রাম থেকে নূহার মরদেহ উদ্ধার করা হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   শিশু  নূহা  শ্বাসরোধ করে হত্যা  ময়নাতদন্ত  প্রতিবেদন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: