বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি কার্ডের বিপরীতে ৩০ কেজি

2026-11-17T20:43:20+00:00
2026-11-17T20:43:20+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:৪৩ পিএম 
বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ। ছবি : সময়ের আলো
রাজশাহীর বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি কার্ডের বিপরীতে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও সুবিধাভোগীদের দেওয়া হচ্ছে ২৪ থেকে ২৫ কেজি। জনপ্রতি ৫ থেকে ৬ কেজি চাল কম দেওয়ার অভিযোগে মেসার্স নজরুল ট্রেডার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলামের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাতজন সুবিধাভোগী।

সোমবার (১৬ নভেম্বর) তারা এ অভিযোগ দেন। অভিযোগের অনুলিপি রাজশাহী জেলা প্রশাসক ও বাঘা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছেও পাঠানো হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ওই ডিলার ও তার কর্মচারীরা চাল বিতরণে অনিয়ম করে আসছেন। নিয়ম অনুযায়ী প্রতি কার্ডে ৩০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও সেলাই করা বস্তা খুলে ওজন করার পর ২৪ থেকে ২৫ কেজি চাল দেওয়া হচ্ছে। সম্প্রতি কয়েকজন সুবিধাভোগী নিজেদের চাল ওজন করে ৫ থেকে ৬ কেজি কম পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, শত শত কার্ডধারীর প্রাপ্য চাল থেকে এভাবে বিপুল পরিমাণ চাল আত্মসাৎ করে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। চাল কম দেওয়ার প্রতিবাদ করলে ডিলারের লোকজন অসদাচরণ করেন। এমনকি ভবিষ্যতে কার্ড বাতিল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

ভুক্তভোগীরা জানান, আগে চালের পরিমাণ ওজন করে না দেখেই বাড়িতে নিয়ে যেতেন। তবে শুরু থেকেই চালের পরিমাণ কম বলে তাদের সন্দেহ হতো। সম্প্রতি ওজন করার পর বিষয়টি নিশ্চিত হয়েছেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে প্রতিবাদ না করলেও দিন দিন চাল কম দেওয়ার পরিমাণ বেড়েছে। এতে দরিদ্র পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।


অভিযোগপত্রে ঘটনাটি সরেজমিন তদন্ত করে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, প্রয়োজনে ডিলারশিপ বাতিল এবং প্রত্যেক সুবিধাভোগীকে নির্ধারিত পরিমাণ চাল বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ডিলার নজরুল ইসলাম কোনো বক্তব্য দিতে রাজি হননি।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার বলেন, কয়েকজন ভুক্তভোগী তার কাছে এসে অভিযোগ জানিয়েছেন এবং লিখিত আবেদনও দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বাঘা  রাজশাহী  খাদ্যবান্ধব কর্মসূচি  চাল বিতরণ  চাল আত্মসাৎ  চাল কম দেওয়া  ডিলার  নজরুল ইসলাম  ইউএনও  খাদ্য অধিদপ্তর  অনিয়মের অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: