ইউএনও-এসিল্যান্ডের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি : সময়ের আলোরাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপন বৈঠক ও আঁতাতের অভিযোগ তুলেছে স্থানীয় বিএনপি। এ অভিযোগে তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ বাজারে এ কর্মসূচি পালন করা হয়। বাজারের আলুহাটি থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সোমবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাগমারা উপজেলা শাখার সহসভাপতি জাহাঙ্গীর আলম হেলালের সঙ্গে ইউএনও ও এসিল্যান্ডের গোপন বৈঠক ও আঁতাতের খবর পেয়ে তারা ক্ষুব্ধ হন। জুলাই-পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা। নিষিদ্ধ সংগঠনের কাউকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
সমাবেশে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক বলেন, ১৭ বছর ধরে আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন তারা। অথচ ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরও প্রশাসনের কিছু কর্মকর্তা দলটির নেতাদের পুনর্বাসনে গোপনে কাজ করছেন বলে তাদের অভিযোগ। সোমবার আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতির সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করা হলেও বিএনপি নেতাকর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ইউএনওর অপসারণ দাবি করেন তিনি।
উপজেলা মহিলা দলের সভানেত্রী নিহার বানু অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীদের অবজ্ঞা করে ইউএনও আওয়ামী লীগের নেতাদের বেশি গুরুত্ব দেন। তাদের অপেক্ষায় রেখে আওয়ামী লীগ নেতাদের দুই থেকে তিন ঘণ্টা সময় দেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও রিজু তামান্না। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম হেলালের সঙ্গে গোপন বৈঠক বা আঁতাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তার কাছে প্রতিদিন শত শত মানুষ বিভিন্ন প্রয়োজনে আসেন। ওই ব্যক্তি কখন এসেছিলেন, তা-ও তার জানা নেই। পরে তিনি জানতে পারেন, তার বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ তোলা হয়েছে। ওই নেতার সঙ্গে তার কোনো গোপন আঁতাত বা বৈঠক হয়নি।
ইউএনও আরও বলেন, বিএনপির নেতারা তাকে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য করার জন্য চাপ দিয়েছিলেন। এতে সাড়া না দেওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, বাগমারা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপালী আক্তার রূপা, সিনিয়র সহসভাপতি আনোয়ারা, সাংগঠনিক সম্পাদক শান্তি বিবি, ভবানীগঞ্জ পৌর মহিলা দলের সভানেত্রী শাহিনা পারভীন ডলি, উপজেলা যুবদলের নেতাদের মধ্যে শাহাদাত হোসেন, রকিবুল ইসলাম সিদ্দিক ও আব্দুল মান্নান।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদী হাসান টিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান গাজী, সদস্যসচিব ডিএম শাহীন, শ্রমিক দলের সভাপতি মীর মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এবং ছাত্রদলের আহ্বায়ক মোহাব্বত হোসেন ও সদস্যসচিব উজ্জ্বল রহমান উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই