প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৩৩ পিএম
শামীম রেজা বিদ্যুৎ। ছবি : সময়ের আলোরাজশাহী ৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের একনিষ্ঠ সহচর ও প্রেস সচিব শামীম রেজা বিদ্যুৎকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সোয়া চারটার দিকে ভবানীগঞ্জ নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া শামীম রেজা বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামের মো. সামছুদ্দিনের ছেলে। গেল ২৫ জুলাই বাগমারা থানায় দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য ও নাশকতা মামলার (এফআইআর নং-৩১) তদন্তে শামীম রেজার সম্পৃক্ততা পাওয়া যায়।
তার বিরুদ্ধে অভিযোগ আছে, সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের সম্পদ দেখাশোনা করা, ভবানীগঞ্জ নিউমার্কেট নিয়ন্ত্রণ এবং আওয়ামী লীগের টেলিগ্রামে যুক্ত থাকা ও পলাতক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতের তিনি। এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন পরিকল্পনারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। গ্রেফতারকৃত মামলায় উল্লেখ করা হয়েছে, ভিজিএফের চাল বণ্টন ও পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে গত ২৪ জুলাই রাত পৌনে ১২টার দিকে ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া এলাকায় বাদীর বসতবাড়িতে ককটেল হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে বাদীর প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত তাজা ককটেল এবং একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান বলেন, গ্রেফতারকৃত শামীম রেজা সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রেস সচিব ছিলেন। তিনি এখনও সাবেক এমপির প্রতিষ্ঠাতে কর্মরত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করছিলেন।
তিনি বলেন, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখার আবেদন জানিয়ে মঙ্গলবার রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই