প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:২৭ পিএম
ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান। ছবি : সংগৃহীতদাউদকান্দি উপজেলা কৃষকদলের আহ্বায়ক আহম্মদ হোসেন তালুকদারের মাথা ফাটানোর ঘটনায় দাউদকান্দি মডেল থানায় করা মামলায় উপজেলার গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছে কুমিল্লা জেলা আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফরহাদ রায়হান ভুঁইয়া এ আদেশ দেন। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান।
মঙ্গলবার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছর ৩ জুলাই দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা কৃষকদলের আহ্বায়ক আহম্মদ হোসেন তালুকদারকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। হামলায় মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। এ ঘটনায় পরদিন কৃষকদল নেতা আহম্মদ হোসেনের ছোট ভাই মো. শাহাদাত হোসেন তালুকদার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা করেন।
ওই মামলায় মিজানুর রহমানকে প্রধান আসামি করা হয়। ওই বছরের ১৭ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন আগাম জামিন নেন মিজানুর রহমান। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পূর্বে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার কথা থাকলেও তিনি তা করেননি। দীর্ঘ প্রায় এক বছর পর মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন।
আদালতের শুনানিকালে মামলার দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারার সুনির্দিষ্ট গুরুতর অভিযোগ এবং উচ্চ আদালতের নির্দেশনা প্রতিপালন না করার বিষয়টি আদালতের নজরে আনেন বাদীপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফরহাদ রায়হান ভুঁইয়া আসামি মিজানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং সি. ডব্লিউ (কোর্ট ওয়ারেন্ট) মূলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই মামলায় বাদীপক্ষে আইনজীবী হিসেবে শুনানিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজকোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মো. রাসেল আহমেদ (রাফি)।
উল্লেখ, গত বছরের ৩ জুলাই গোয়ালমারী ইউনিয়নের সুপার ফাইভ কমিটিতে মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। একই দিন উপজেলা কৃষকদলের আহ্বায়ক আহম্মদ হোসেনের উপর হামলার ঘটনায় মিজানুর রহমানকে ৫ জুলাই দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে মিজানুর রহমানকে গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি করা হয়েছে।
সময়ের আলো/জোই