পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে ২ প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (২০ জুন) দুপুরে জামালপুর সদর থানা প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জামালপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো.আব্দুল কাইয়ুম জানান, বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ দেওয়ার কথা বলে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বানীকুঞ্জ এলাকার বাসিন্দা কাফি আল সাকিব সিয়ামের কাছে ২৫ লাখ টাকা দাবি করেন। চাকরি হওয়ার পর টাকা পরিশোধের শর্তে প্রার্থীর কাছ থেকে ১টি স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও ৩টি স্বাক্ষরিত ব্ল্যাংক নন-জুডিশিয়াল স্ট্যাম্প গ্রহণসহ চুক্তিপত্র তৈরি করা হয়। বিষয়টি নিয়ে সন্দেহ হলে জামালপুর জেলা গোয়েন্দা শাখাকে অবহিত করেন প্রার্থী কাফি আল সাকিব। পরে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গত শুক্রবার (১৯ জুন) রাতে জামালপুর পৌর শহরের ফৌজদারি মোড় থেকে জেলার মেলান্দহ উপজেলার মো. শরিফুল ইসলাম শিশির (২৭) ও পাবনা জেলার আতাইকুলা উপজেলার চরপাড়া গ্রামের রকিবুল ইসলাম রকিব (৩৮) কে গ্রেফতার করেন।
এ প্রসঙ্গে জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, ‘বাংলাদেশ পুলিশে নিয়োগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হচ্ছে। এ নিয়োগ প্রক্রিয়ায় কোনোপ্রকার তদবির, আর্থিক লেনদেন কিংবা অবৈধ প্রভাব বিস্তারের সুযোগ নেই ‘
এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সময়ের আলো/মহু