পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি মোডাল ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহণ মন্ত্রী রবিউল আলম। একই সঙ্গে চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন সার্ভিস চালু করার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২০ জুন) পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে জেলার সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
পরিবহন সেক্টরে চলমান বিশৃঙ্খলা দূর করার বিষয়ে মন্ত্রী রবিউল আলম বলছিলেন, জনস্বার্থ ও জননিরাপত্তার স্বার্থে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা একটি বড় জনদাবি। বিচ্ছিন্নভাবে বা একে অপরের প্রতিপক্ষ কিংবা প্রতিযোগী হয়ে এই সেক্টরে শৃঙ্খলা আনা সম্ভব নয়। আমরা পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশন—সবাইকে সঙ্গে নিয়ে সমন্বয় করছি।
তিনি আরও স্পষ্ট করে জানান, সরকারের এই অভিপ্রায়ের মধ্যে কোনো বিশেষ শ্রেণিকে লালন করার সুযোগ নেই, এখানে শুধুই জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা লালন করা আছে। খুব শিগগিরই আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত ও স্বীকৃত ‘মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা’ বাংলাদেশে বাস্তবায়িত ও দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাবনাবাসীর দীর্ঘ প্রতীক্ষিত ঢাকার সঙ্গে রেল যোগাযোগ চালুর বিষয়ে মন্ত্রী জানান, ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগের জন্য লোকোমোটিভ (ইঞ্জিন) ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। আগামী মাসেই নতুন রেল কোচগুলো এসে পৌঁছাবে। কোচ পাওয়ার পরপরই অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে ঢাকা-পাবনা এবং পরবর্তীতে ঢাকা-খুলনা লাইন চালু করা হবে।
নিজেকে খুলনার সন্তান উল্লেখ করে মন্ত্রী মন্তব্য করেন, আমি খুলনার মানুষ হওয়া সত্ত্বেও মনে করেছি পাবনার অগ্রাধিকার অনেক বেশি, কারণ তাদের সাফারিংটাও বেশি।
পাবনাবাসীর প্রাণের দাবি আরিচা-খাসচর ফেরি ও সড়ক যোগাযোগ প্রকল্প বিষয়ে মন্ত্রী বলেন, পাবনা সদর আসনের এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস এ প্রকল্পের কাজ অনেক এগিয়ে নিয়েছেন। বর্তমান সরকার ইতোমধ্যে এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে। প্রকল্পের প্রাথমিক ধাপ হিসেবে ‘ফিজিবিলিটি স্টাডি’ (সম্ভাব্যতা যাচাই) এবং ‘ডিপিপি’ প্রণয়নের কাজ ইতোমধ্যে চালু হয়েছে। নৌ ও সড়ক— দুই খাতের সমন্বয়ে এই প্রকল্পটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে।
মতবিনিময় সভায় পাবনা সদর আসনের এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ২ আসনের এমপি একেএম সেলিম রেজা হাবিব, পাবনা ৪ আসনের এমপি আবু তালেব মন্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার ছুফি উল্লাহসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী সরকারি সফরের নানা কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা সদরের শহিদ বুলবুল কলেজের শিক্ষার্থীদের আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন। পরে সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
সময়ের আলো/জোই