ঘরের এক কোণে সবুজের ছোঁয়া শুধু সৌন্দর্যই বাড়ায় না, এনে দেয় প্রশান্তি ও সতেজতা। ব্যস্ত নগরজীবনে অনেকেই এখন ঘরের ভেতর গাছ রাখেন। কারণ, কিছু গাছ ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি বাতাসকে সতেজ রাখতে, মানসিক চাপ কমাতে কিংবা দৈনন্দিন কাজে নানা উপকারে আসতে পারে।
স্নেক প্ল্যান্ট
স্নেক প্ল্যান্ট বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইনডোর গাছগুলোর একটি। লম্বা, খাড়া ও সবুজ-হলুদ ডোরাকাটা পাতার কারণে এটি ঘরের যেকোনও কোণে দারুণ মানিয়ে যায়। এই গাছের সবচেয়ে বড় সুবিধা হলো, খুব কম যত্নেই দীর্ঘদিন টিকে থাকে। নিয়মিত পানি দেওয়ার প্রয়োজন হয় না এবং কম আলোতেও ভালো থাকে।
অ্যালোভেরা
অ্যালোভেরা শুধু শোভাবর্ধনকারী গাছ নয়, এটি উপকারীও। এর পাতার ভেতরের জেল ত্বকের যত্নে ব্যবহৃত হয় এবং ছোটখাটো পোড়া বা ত্বকের জ্বালাপোড়ায় অনেকেই এটি ব্যবহার করেন। রোদযুক্ত জানালার পাশে রাখলে অ্যালোভেরা ভালো বেড়ে ওঠে। পানিও খুব বেশি প্রয়োজন হয় না।
মানিপ্ল্যান্ট
মানিপ্ল্যান্ট গৃহসজ্জার জন্য অত্যন্ত পরিচিত একটি গাছ। পানিতে কিংবা মাটিতে- দুইভাবেই এটি সহজে বেড়ে ওঠে। হৃদয়াকৃতির সবুজ পাতা এবং ঝুলে পড়া লতানো ডাল ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে। বুকশেলফ, বারান্দা কিংবা ড্রইংরুমের দেয়ালে এটি দারুণ মানিয়ে যায়। পরিচর্যা সহজ হওয়ায় অনেকেরই প্রথম পছন্দ মানিপ্ল্যান্ট।
তুলসী
তুলসী শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক গুরুত্বের জন্য নয়, এর নানা ব্যবহারিক দিকও রয়েছে। এর পাতার সুগন্ধ অনেকের কাছে সতেজ অনুভূতি এনে দেয়। অনেক পরিবারে তুলসীপাতা ভেষজ পানীয় বা ঘরোয়া ব্যবহারে কাজে লাগে। পর্যাপ্ত আলো পেলে তুলসী সহজেই বেড়ে ওঠে এবং নিয়মিত পাতা সংগ্রহ করা যায়।
পুদিনা
যারা ঘরে উপকারী গাছ রাখতে চান, তাদের জন্য পুদিনা উপযুক্ত। এর সতেজ সুবাস যেমন মন ভালো করে, তেমনি রান্না, সালাদ বা পানীয় তৈরিতেও এর পাতা ব্যবহার করা যায়। ছোট টবেই সহজে পুদিনা চাষ করা যায় এবং নিয়মিত ছাঁটাই করলে দ্রুত নতুন পাতা গজায়। রান্নাঘরের জানালার পাশে একটি পুদিনা গাছ থাকলে প্রয়োজনমতো তাজা পাতা হাতের কাছেই পাওয়া যায়।
ঘরে গাছ রাখার সময় যা মনে রাখবেন
গাছ যেন প্রয়োজন অনুযায়ী আলো ও পানি পায়, সেটা নিশ্চিত করুন। টবে যেন পানি জমে না থাকে, খেয়াল রাখুন। শুকনো বা রোগাক্রান্ত পাতা নিয়মিত ছেঁটে ফেলুন। শিশু ও পোষা প্রাণী যেন গাছের ক্ষতি না করে, সে ব্যপারে সতর্ক থাকুন। অবশ্যই ঘরের আকার অনুযায়ী গাছ নির্বাচন করুন।
একটু সবুজের ছোঁয়াই অনেক সময় ঘরের পরিবেশ বদলে দিতে যথেষ্ট। ঘরোয়া গাছ যেমন সাজসজ্জার অংশ, তেমনই এগুলো ঘরে প্রাণ এনে দেয়। স্নেক প্ল্যান্ট, অ্যালোভেরা, মানিপ্ল্যান্ট, তুলসী কিংবা পুদিনার মতো গাছ অল্প যত্নেই আপনার বাসাকে আরও সতেজ, সুন্দর এবং ব্যবহারিক করে তুলতে পারে।
সময়ের আলো/মহু