বগুড়ার বাঘোপাড়া এলাকায় ২০২৩ সালের রাজনৈতিক আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গুরুতর আহত বিএনপি কর্মী মো. নয়ন হোসেনের চোখের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারপার্সন ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২০ জুন) রাজধানীর একটি আধুনিক হাসপাতালে নয়নের চোখের বিশেষায়িত চিকিৎসা প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের সরাসরি তত্ত্বাবধানে নয়নের চোখের চিকিৎসা চলছে।
চিকিৎসা কার্যক্রম শুরুর সময় হাসপাতালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
দলীয় সূত্রে জানা গেছে, মো. নয়ন হোসেন বগুড়ার বাঘোপাড়া এলাকার বাসিন্দা এবং মাঠপর্যায়ের একজন সক্রিয় বিএনপি কর্মী। ২০২৩ সালের ২৯ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে তিনি চোখে গুরুতর আঘাত পান। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় নয়ন দীর্ঘদিন ধরে অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছিলেন না এবং তীব্র কষ্টের মধ্যে জীবনযাপন করছিলেন।
বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে এই অসহায় কর্মীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
সময়ের আলো/জেডি