গাজীপুর জেলার কালিয়াকৈরে পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার আন্ধারমানিক এলাকার বাসিন্দা শাহিন আহমেদ (২৩), আজিবর রহমান (২৮), নারায়ণগঞ্জ সদর উপজেলার বাবু রাইল গ্রামের তানভীর আহমেদ (৩০), ফুলবাড়িয়া পূর্বপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৩৩) ও বরিশালের হিজলা উপজেলার বাধুয়া গ্রামের মামুন(২৩)।
এর আগে, গত শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২৬৭ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। শনিবার রাত সাড়ে দশটায় উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়া বালুরমাঠ এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় ২৫০ টি ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, একই দিন রাতে ফুলবাড়িয়া এলাকা থেকে ১৭ টি ইয়াবাসহ আরেক যুবককে গ্রেফতার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম পিপিএম বার জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে।
সময়ের আলো/মহু