কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবলীগের নেতা-কর্মীরা। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে বাসন কলম্বিয়া গার্মেন্টসের সামনে এ বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলের কাছে পুলিশকে দেখে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে পুলিশ দেখে নেতা-কর্মীদের বলতে শোনা যায়, ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।
ওই ভিডিওতে দেখা যায়, মহানগরীর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কলম্বিয়া নামক স্থানে শাকিল এন্টারপ্রাইজ নামের একটি ব্যাবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে ৩০ থেকে ৩৫ জন যুবক একটি ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিল, ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল। এছাড়া ব্যানারের এক পাশে শেখ হাসিনা ও অন্য পাশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকারের ছবি দেখা যায়।
মিছিলকারীরা, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন’ ডাইরেক্ট অ্যাকশন’— এ ধরনের স্লোগান দিতে দিতে গাছা এলাকার দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের বিপরীত পাশ থেকে কয়েকজন পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে এলে মিছিলকারীদের কয়েকজন তাদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের হুমকিমূলক বক্তব্য দিতে থাকেন।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ভিডিওটি দেখেছি। তবে এটি আগের কোনো ঘটনা কিনা তা যাচাই করা হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, মিছিলটি হয়েছে বলে তথ্য পেয়েছি। ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করছি।
সময়ের আলো/জোই