বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে আয়াতুল ইসলাম নামে দুই মাস বয়সী এক শিশুর

2026-06-21T20:21:03+00:00
2026-06-21T20:21:03+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৮:২১ পিএম 
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে আয়াতুল ইসলাম নামে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) দুপুর ২টার দিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব কাহারঘোনা এলাকার বাসিন্দা সৈয়দ আহমদের দুই মাস বয়সী ছেলে আয়াতুল ইসলাম নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২০ জুন রাত সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছিল এবং পরদিন দুপুর পর্যন্ত তার অবস্থা স্বাভাবিক ছিল বলে পরিবারের দাবি।

জানা গেছে, রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুমিনুল হক শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে রোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট শিশু বিশেষজ্ঞ ডা. ইরফান পারভীনের কাছে পাঠানো হয়। দুপুর দেড়টার দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে অক্সিজেন ও সিপিআর দেওয়ার চেষ্টা করা হয়।

তবে শিশুটির স্বজনদের অভিযোগ, দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসকের অনুমতি ছাড়াই এক নার্স শিশুটিকে একটি ইনজেকশন প্রয়োগ করেন। ইনজেকশন দেওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই শিশুটির অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং পরে তার মৃত্যু হয়।

ঘটনার পর খবর পেয়ে রোগীর স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতাল চত্বরে জড়ো হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বাঁশখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


রোগীর স্বজনদের দাবি, শিশুটি দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত স্বাভাবিক ছিল। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু ঘটে। অভিযোগ ওঠে, ঘটনার পর সংশ্লিষ্ট নার্স হাসপাতাল থেকে সরে যান। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। পরে শিশুটির মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দাখিল করে বাড়ি ফিরে যান।

ভুক্তভোগী শিশুর বাবা সৈয়দ আহমদ বলেন, ঘটনার পর সংশ্লিষ্ট নার্সের কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি শিশুর শরীরে প্রয়োগ করা ইনজেকশনের নমুনাও সংরক্ষণ করা হয়নি। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, খবর পেয়ে সেকেন্ড অফিসারসহ আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। স্বজনদের বুঝিয়ে সাজিয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ইউএনও স্যারকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। পরে তারা ইউএনও স্যারকে না পেয়ে এসিল্যান্ড স্যারের সঙ্গে বলে লিখিত অভিযোগ জমা দিয়ে চলে গেছেন।

অভিযোগের বিষয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুমিনুল হক বলেন, রোগীকে ভর্তির পর একাধিক চিকিৎসক পর্যবেক্ষণে রেখেছিলেন। সকালে আমি নিজেও রোগীকে দেখেছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে। রোগীকে যে ইনজেকশন দেওয়া হয়েছিল, সেটি শিশুদের ক্ষেত্রে নিয়মিত ব্যবহৃত একটি ওষুধ। ভুল চিকিৎসার কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না।

নার্স পলাতক নন উল্লেখ করে তিনি বলেন, ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হওয়ায় নিরাপত্তার স্বার্থে তিনি আড়ালে ছিলেন।

তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বর্তমানে সিভিল সার্জন অফিসে একটি মিটিংয়ে রয়েছেন। তবে রোগীর স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যাডাম আসলে আগামীকাল তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে  ভুল চিকিৎসা  শিশুমৃত্যু  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: