নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে এক বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আব্দুল মাবুদ ওরফে হিরো নানাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) দুপুরে পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় টুরিস্ট পুলিশ ও নওগাঁ জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আটক আব্দুল মাবুদ জয়পুরহাট জেলার সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসা এক বিদেশি নাগরিককে হেনস্তার অভিযোগ ওঠে কনটেন্ট ক্রিয়েটর হিরো নানার বিরুদ্ধে।
অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে নওগাঁ জেলা পুলিশ ও টুরিস্ট পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। পরে পাহাড়পুর এলাকা থেকে তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখানো হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট বিদেশি নাগরিকের অভিযোগ ও ঘটনার পারিপার্শ্বিক তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলার গর্ব এবং বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ও গবেষক প্রতিনিয়ত আসেন। কোনো বিদেশি পর্যটক বা দর্শনার্থীকে কেউ হেনস্তা, হয়রানি কিংবা বিব্রত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে জেলা পুলিশ প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং প্রতি বছর দেশি-বিদেশি বিপুল সংখ্যক পর্যটক এখানে ভ্রমণে আসেন। এমন একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে বিদেশি নাগরিককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতারের ঘটনায় স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সময়ের আলো/আতা