ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার খানজাহান আলী মাজারের দীঘির কুমিরটি ফাতেমা নামের এক শিশুকে গত ১ জুন সন্ধ্যায় টেনে নিয়ে যায়। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ পরিস্থিতিতে ৩ জুন প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ দিঘি থেকে কুমিরটিকে উদ্ধার করে খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসে। এর পর থেকে সেটি বন বিভাগের তত্ত্বাবধানে আছে।
তবে নতুন পরিবেশে এসে গত ১৯ দিন ধরে পুরোপুরি ‘খাবার বয়কট’ করে অভুক্ত রয়েছে খানজাহান আলী মাজারের কুমির।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনার (ডিএফও) নির্মল কুমার পাল বলেন, মানুষের নিরাপত্তা এবং কুমিরের সুরক্ষার বিষয়টি নিশ্চিত সাপেক্ষে মাজার কমিটি চাইলে কুমিরটি আবারও দীঘিতে ফেরত যেতে পারে। মানুষ এবং কুমির উভয়ের নিরাপত্তাই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। কুমিরটি মাঝেমধ্যেই দীঘি থেকে লোকালয়ে চলে যেত। এতে যেমন মানুষের ওপর আক্রমণের ঝুঁকি থাকে, তেমনি ক্ষুব্ধ জনতা কুমিরটিকে পিটিয়ে মেরে ফেলার আশঙ্কাও থাকে।
তিনি আরও বলেন, মাজার কমিটি যদি আগামী এক-দুই মাসের মধ্যে উভয়পক্ষের নিরাপত্তা নিশ্চিত করে আমাদের জানায় তবেই কুমিরটি ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।
বর্তমানে কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। সরীসৃপ প্রাণী হওয়ায় এটি পানি ও ডাঙা উভয়স্থানে চলাফেরা করলেও অতিরিক্ত মোটা হওয়ার কারণে মাটিতে বেশি হাঁটতে পারছে না। তবে বন্দিদশা থেকে মুক্ত হয়ে কুমিরটি তার চেনা ও বৃহত্তর পরিবেশে ফেরার জন্য ছটফট করছে এবং প্রায়ই খাঁচার গেটে গিয়ে ধাক্কা দিচ্ছে।
এ বিষয়ে ডিএফও নির্মল কুমার আরও বলেন, সরীসৃপ প্রাণী একবার খেলে দীর্ঘদিন না খেয়ে থাকতে পারে। বাগেরহাট থেকে খুলনায় আনার পর থেকে এখন পর্যন্ত কুমিরটি কিছুই মুখে তোলেনি। তাকে খাওয়ানোর জন্য মুরগি ও সহজে শিকারের সুবিধার্থে পানিতে হাঁস বেঁধে দেওয়া হলেও সে তা খাচ্ছে না। এমনকি খাঁচায় দেওয়া মুরগি শিকার করে মেরে ফেললেও তা সাবাড় করেনি কুমিরটি।
খাবার না খেলেও কুমিরটির সুরক্ষায় কোনো কমতি রাখছে না বন বিভাগ। অ্যানিমেল কিপার ও জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউটরা বাঘের মতো করেই অত্যন্ত সতর্কতার সঙ্গে এর সেবা-যত্ন করছেন। কুমিরটির থাকার পানি প্রতিদিন পরিবর্তন করা হচ্ছে এবং গরম লাগলে তার শরীরে ফ্রেশ পানি দেওয়া হচ্ছে।
খানজাহান আলী মাজারের দীঘিতে একসময় ঐতিহ্যবাহী ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’ নামে দুটি বিখ্যাত কুমির ছিল। সেগুলো মারা যাওয়ার পর ভারতের মাদ্রাজ (চেন্নাই) থেকে কয়েকটি মিঠা পানির কুমির এনে দীঘিতে ছাড়া হয়। তার মধ্য থেকে এই একটি কুমিরই বেঁচে ছিল, যা এখন খুলনায় বন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।
সময়ের আলো/আতা